Wednesday, September 28, 2016

কড়ইতলা এখন ডাস্টবিন?

এফডিসির কড়ইতলায় ময়লার স্তুপ। প্রথম আলো
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) যাঁদের নিয়মিত যাতায়াত, তাঁদের কাছে কড়ইতলা নামটি বেশ পরিচিত। শুটিং স্পট হিসেবে প্রায় দুই যুগ ধরে এফডিসির এই জায়গাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু বর্তমানে এই কড়ইতলার পাশ দিয়ে হেঁটে গেলে অনেকেই চমকে ওঠেন। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান—এটা কি শুটিং স্পট নাকি ডাস্টবিন? মাস তিনেক ধরেই কড়ইতলার এই হাল হয়ে আছে। সরেজমিনে কড়ইতলায় দেখা যায়, শুটিংয়ের জন্য নির্ধারিত স্থানটি ঢাকা পড়ে আছে ময়লার স্তূপে। শুটিং স্পট হিসেবে এফডিসির কড়ইতলার ব্যবহার শুরু হয় ১৯৯৩ সালে। সেখানে প্রথম শুটিং করেন পরিচালক এ জে রানা, তাঁর মহাগুরু ছবির। এরপর থেকেই সেখানে নিয়মিত শুটিং হতে থাকে। এফডিসির কড়ইতলার বর্তমান এই অবস্থা নিয়ে আক্ষেপ করে পরিচালক সমিতির মহাপরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, এই জায়গায় সিনেমার সেট বানিয়ে নিয়মিত শুটিং হচ্ছে। এখান থেকে এফডিসি কর্তৃপক্ষ ভাড়া পায়। কিন্তু বেশির ভাগ সময় এখানে শুটিং করতে হলে নির্মাতাদের নিজ খরচে ময়লা-আবর্জনা সরিয়ে সেট সাজাতে হয়।
এফডিসির পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মশিকুল আলমের সঙ্গে কথা হয় বিষয়টি নিয়ে; তিনি বলেন, সব সময়ই জায়গাটি পরিষ্কার থাকে। বেশ কিছুদিন ধরে এফডিসির বিভিন্ন বিল্ডিংয়ের সংস্কারকাজ চলছে। সংস্কারের কারণে যে আবর্জনা তৈরি হচ্ছে, সেগুলো ওখানে রাখা হচ্ছে আপাতত। কাজ শেষ হলেই সঙ্গে সঙ্গে আবর্জনা সরিয়ে ফেলা হবে। তবে এফডিসির ওই কর্মকর্তার সঙ্গে একমত নন প্রযোজক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, শুধু কড়ইতলাই নয়, এফডিসির পুরো এলাকাই সারা বছর অপরিষ্কার থাকে। কড়ইতলা এখন পুরোপুরিই ডাস্টবিনে পরিণত হয়েছে। এলাকাটি দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর। এফডিসির এমন রঙিন জগতের আড়ালে যে এই দুরবস্থা থাকতে পারে, বাইরের মানুষ তা বিশ্বাসই করতে চাইবে না। এই প্রযোজক বলেন, এর আগে বিষয়টি নিয়ে একাধিকবার এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাঁরা। বৈঠকে কিছু পদক্ষেপও নেওয়া হয়। তবে কিছুদিন যাওয়ার পর নাকি কড়ইতলা আবারও ডাস্টবিনে পরিণত হয়।

No comments:

Post a Comment