Thursday, September 29, 2016

গ্রামের দুই শিশুর বিশ্বজয়

বিজয়সূচক ভি চিহ্ন দেখাচ্ছে হাদিসা। প্রথম আলো
বরগুনার পাথরঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে শিক্ষার্থী হাদিসা আকতার (১১) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার বর্ণালী বাগচী গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০১৬ অর্জন করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্যপীড়িত শিশুদের নিয়ে ২০১৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশ্বের ১৪টি দেশের সেরা পাঁচটি করে ছবি এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৪ দেশের সেরা ৭০টি ছবির মধ্যে আটটি চ্যাম্পিয়ন হয়। এর মধ্যে দুটি ছবি বাংলাদেশের ওই দুই শিশুর আঁকা। ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের মায়ারখালী গ্রামের বিকাশ বাগচীর মেয়ে বর্ণালী বাগচী। সে কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
আর হাদিসা পাথরঘাটার পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের দিনমজুর আজহার সরদারের মেয়ে। গতকাল বুধবার পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাদিসার হাতে ১০০ ডলারের সমপরিমাণ পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন ডব্লিউএফপির কর্মকর্তারা। একই সঙ্গে হাদিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় ২০০ ডলারের সমপরিমাণ অর্থ। কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের উপপ্রকল্প পরিচালক রেজাউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপপরিচালক এ এস এম ফারুক, সহকারী প্রকল্প পরিচালক আবদুল মান্নান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

No comments:

Post a Comment