Saturday, September 3, 2016

জামিনে মুক্ত ড. হাসেমকে জেলগেটে গ্রেফতারের নিন্দা জামায়াতের

রাজশাহী মহানগরী জামায়াতের আমির প্রফেসর ড. আবুল হাসেম জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ৩১ আগস্ট রাতে মুক্তি না দিয়ে জেল গেট থেকে আবার গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল হাসেমকে সরকার পুনরায় গ্রেফতার করে দেশের আইন ও আদালতের প্রতি অবজ্ঞা এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছে। ৬৫ বছর বয়স্ক প্রফেসর ড: আবুল হাসেম একজন প্রবীণ শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। তাকে সরকার মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে বন্দি রেখে তার প্রতি চরম অন্যায় করছে। তার মত একজন প্রবীণ শিক্ষাবিদকে জেলে বন্দি করে রেখে সরকার অমানবিক কাজ করেছে।
জলাবদ্ধতা দূর করার দাবি
ভবদহ স্লুইজ গেটে পলিমাটি জমে স্লুইজগেট বন্ধ থাকায় মুক্তেশ্বরী ও হরিনদীর পানি উপচে যশোর জেলার অভয়নগর, কেশবপুর, মনিরামপুর এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সৃষ্ট পানিবদ্ধতা দূর করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, সৃষ্ট জলাবদ্ধতা ওই এলাকার দশ লক্ষাধিক মানুষের জীবন-মরণ সমস্যা হয়ে দেখা দিয়েছে। জলাবদ্ধতার ফলে ভবদহ পাড়ের দশ লক্ষাধিক মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এসব এলাকার ছয় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা খাবার ও বিশুদ্ধ পানি পায় না। পয়ঃনিষ্কাশন ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জমির ফসল পানিতে ডুবে গেছে, পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। প্রায় চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে ২৫০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অসহায় মানুষ রাস্তার পাড়ে পলিথিন দিয়ে অস্থায়ীভাবে ঘর বানিয়ে তার মধ্যে হাঁস, মুরগী, গরু, ছাগল নিয়ে একত্রে বসবাস করছে। তারা মানবেতর জীবন-যাপন করছে। এ সব মানুষের দু:খ, দুর্দশা দেখার কেউ নেই। পানিবন্দী লোকদের জরুরি ভিত্তিতে উদ্ধার করে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি, গৃহনির্মাণ সামগ্রী প্রদান, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও পর্যাপ্ত নগদ অর্থ প্রদান করার জন্য গোলাম পরওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment