Wednesday, September 21, 2016

উত্তর কোরিয়ায় এবার রকেট ইঞ্জিন পরীক্ষা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রকেট
ইঞ্জিন পরীক্ষা কার্যক্রম দেখাচ্ছেন দুই কর্মকর্তা। এএফপি
উত্তর কোরিয়া একটি নতুন ও উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে। এই পরীক্ষা উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারের সামর্থ্য বৃদ্ধির প্রদর্শনী। দেশটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানার ক্ষমতা অর্জন করতে চায়। রকেট ইঞ্জিনটি পরীক্ষার দুই সপ্তাহেরও কম সময় আগে উত্তর কোরিয়া একটি ছোটখাটো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তাদের ভাষায়, এটি ছিল পিয়ংইয়ংয়ের পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। এ দুটি পরীক্ষা চালানোর ঘটনায় দেশটিকে নিয়ে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের উদ্বেগ বেড়েছে। তাদের আশঙ্কা, পিয়ংইয়ং ধীরে ধীরে ওয়াশিয়ংটন ডিসিতে হামলা চালানোর উপযোগী পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে পৌঁছে যাবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রথম ওই রকেট ইঞ্জিন পরীক্ষার খবর জানিয়েছে। তাদের ভাষায়, এ পরীক্ষার মাধ্যমে দেশটি বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পর্যাপ্ত সামর্থ্য অর্জন করেছে।
রকেট ইঞ্জিনগুলোকে সহজেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে ব্যবহারের উপযোগী রূপ দেওয়া যায়। তাই বাইরের দেশের পর্যবেক্ষকেরা মনে করছেন, মহাকাশ গবেষণা কর্মসূচির আড়ালে উত্তর কোরিয়া আসলে নিজেদের অস্ত্রগুলো ব্যবহারের পথ সুগম করছে। কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ওই রকেট ইঞ্জিন পরীক্ষায় সাফল্যকে স্বাগত জানিয়েছেন। তিনি এ রকম আরও রকেট লাঞ্চার বানিয়ে দেশকে আগামী কয়েক বছরের মধ্যে অনেক স্যাটেলাইটের অধিকারী করার আহ্বান জানান। উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়টি জাতিসংঘে আলোচনার ব্যাপারে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে। পিয়ংইয়ং নিয়মিত নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অগ্রগতির দাবি করে থাকে। তবে বিশ্লেষকেরা বলেন, এসব দাবির বেশির ভাগই স্বাধীনভাবে যাচাই করা অসম্ভব। উত্তর কোরিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষার ঘটনায় বৈশ্বিক নিন্দার মধ্যেই রকেট ইঞ্জিনের পরীক্ষা করল পিয়ংইয়ং। 

No comments:

Post a Comment