Thursday, September 22, 2016

দুর্নীতির অভিযোগে লুলার বিচার হচ্ছে

লুলা ডি সিলভা
অর্থপাচারসহ দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে বিচারের মুখোমুখি হতে হবে। একজন বিচারক এ কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের একটি প্রকল্পে ওই দুর্নীতি হয়। সাবেক প্রেসিডেন্ট অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। সরকারি কৌঁসুলিরা বলছেন, লুলা ডি সিলভা পেট্রোব্রাসের প্রকল্প থেকে ১১ লাখ ডলারের বেশি ঘুষ নিয়েছিলেন। ‘অপারেশন কার ওয়াশ’ নামে পরিচিতি পাওয়া ওই দুর্নীতির তদন্ত অভিযানের প্রধান এবং বিচারক সের্গিও মরো বলেন, ‘লুলা যে দায়ী তার পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে।’ তবে সাবেক প্রেসিডেন্ট অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করেছেন। লুলা বলেন,
‘আমার সত্যিই খুব দুঃখ হচ্ছে; এটি একটি বিরাট প্রহসন। ডাহা মিথ্যা। ...এসব অভিযোগ এনে আমাকে দমানো যাবে না।’ সরকারি কৌঁসুলিরা বলছেন, লুলা সৈকত এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য অর্থ নেন এবং তা পাচার করেন। পেট্রোব্রাস দুর্নীতিতে অভিযুক্ত একটি নির্মাণ কোম্পানি এই অ্যাপার্টমেন্টটি তৈরি করে। কৌঁসুলিরা বলেন, এই দুর্নীতির মূল হোতা হলেন লুলা। এর ফলে পেট্রোব্রাসের ২০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়। এই দুর্নীতিতে লুলার স্ত্রী মার্সিয়া লেটিসিয়া এবং অন্য আরও ছয়জনকেও অভিযুক্ত করা হয়েছে। লুলা ডি সিলভাকে ব্রাজিলের খুব জনপ্রিয় নেতাদের একজন বলে মনে করা হয়।

No comments:

Post a Comment