Sunday, September 4, 2016

তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি by আবু সাঈদ @প্রিয়.কম

বাড়ছে তিস্তা নদীর পানি। ছবি: প্রিয়.কম
ভারী বর্ষণ আর ভারতের গজলডোবার সব কটি গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তার পানি বেড়ে বিপদসীমা ছুঁইছুঁই করছে। শনিবার সকাল থেকে তিস্তার পানি বাড়তে থাকে। ফলে জেলার হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যরাজের ৪৪ সুইস গেট খুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে তিস্তা চর এলাকাগুলো প্লাবিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় বলে জানিয়েছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
এ দিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দি হয়ে পড়া এলাকাগুলো হলো উপজেলার সানিয়াজান, চর নিজ শেখ সুন্দর, পার শেখ সুন্দর, বাঘের চর, চর ঠাংঝাড়া, গড্ডিমারী, দোয়ানী, ছয় আনী, সিংঙ্গীমারী, চর ধুবনী, সিন্দুর্ণা ,হলদীবাড়া, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর ডাউয়াবাড়ি গ্রাম।
এ ব্যাপারে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, তার ইউনিয়নের চরাঞ্চলের বেশকিছু পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।
একই কথা বলেন সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, তার এলাকার তিস্তা পাড়ের মানুষজন কিছুদিন আগের বন্যার ধকল কাটতে না কাটতে ফের পানিবন্দি হয়ে পড়ছে। বন্যার্ত পরিবারগুলোর সাহায্যের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ জানান, তিস্তা চর এলাকায় পানি বন্দি পরিবারগুলোর খোঁজ-খবর নিয়েছি। বন্যার্ত পরিবারগুলোর ত্রাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার দিকে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তা ক্রমেই বেড়ে চলছে। রাতে ওই পানি আরও বৃদ্ধি পাবে বলে আশংকা করা হয়।
>>>আবু সাঈদ @প্রিয়.কম

No comments:

Post a Comment