Sunday, October 23, 2016

অচেতন মা-দুই শিশু উদ্ধার, একজনের মৃত্যু

রাজধানীর বাড্ডার খান মসজিদের পাশের একটি বাসা থেকে মা ও দুই শিশু কন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আরিয়া (২) নামের এক শিশু মারা গেছেন। মা শাহানা আকতার (৩৩) ও অপর শিশু আগমনী (৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার ভোর রাত ৪টার দিকে উত্তর বাড্ডার খান মসজিদের পাশের পঞ্চকুন ভিলা নামের একটি পাঁচতলা বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। সেখান থেকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পরে তাদের ঢামেকে নেয়া হলে শিশু আরিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বাসার প্রতিবেশী মো. সেলিম মিয়া জানান, শাহানা আক্তারের স্বামী আমজাদ হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। তিনি রাত ২টার দিকে বাসায় এসে বেশ কয়েকবার দরজায় ধাক্কধাক্কি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার সহায়তায় পাশের এক ভাড়াটিয়া ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর শাহানা ও তাদের দুই সন্তানকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে কিভাবে তারা অচেতন হলেন তা বলতে পারেননি প্রতিবেশী সেলিম। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, প্রকৃত ঘটনা কী, তা কেউ বলতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

No comments:

Post a Comment