Sunday, October 23, 2016

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত নিহত ৭০ আহত ৬০০

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে যাত্রীবোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৭০ জন নিহত ও ৬০০ জন আহত হয়েছেন। শুক্রবারের এ দুর্ঘটনায় আরও ১৪ জন লাইনচ্যুত ট্রেনটির ভগ্নাবশেষের ভেতরে আটকা পড়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার। ক্যামরেইলের আন্তঃনগর ওই ট্রেনটি রাজধানী ইয়াউন্দি থেকে বন্দর শহর ডুয়ালা যাচ্ছিল। স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজধানী থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে ইসেকা টাউনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির সামনের দিকের এক কামরায় থাকা বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক বলেন, ‘বিকট শব্দ শুনে পেছনে ফিরে তাকাই, দেখি আমাদের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়ে একের পর এক পল্টি খাচ্ছে। কামরাগুলো থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।’
তিনি জানান, ইয়াউন্দি থেকে রওনা হওয়ার আগে রেলওয়ের এক কর্মচারী তাকে জানান, যাত্রীদের জায়গা দেয়ার জন্য ট্রেনটিতে অতিরিক্ত কয়েকটি বগি যুক্ত করা হয়েছে। তবে দুর্ঘটনায় এটি কোনো ভূমিকা রেখেছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি। ইয়াউন্দি থেকে ডুয়ালাগামী প্রধান সড়কপথের একটি অংশ ধসে পড়ায় সেটি বন্ধ হয়ে যায়, এতে ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে যায়। একই দিনের এ দুটি ঘটনায় আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশটির যোগাযোগ ব্যাবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সম্প্রতি ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হওয়ায় দেশজুড়ে সড়ক যোগযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে স্বাভাবিক অবস্থার চেয়ে ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। তাই অতিরিক্ত যাত্রীবহন করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, গড়ে ৬০০ যাত্রী চলাচল করলেও ১৩০০ যাত্রী বহন করছিল ট্রেনটি। এতে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ বিষয়ে ক্যামেরুনের পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালাইন মেবি বিবিসিকে জানান, এ দুর্ঘটনায় ৩০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

No comments:

Post a Comment