![]() |
| বাংলাদেশ টেস্ট দলে চার নতুন মুখ। (বাঁ থেকে) সাব্বির রহমান, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি -ছবি : সংগৃহীত |
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট
সিরিজের প্রথম ম্যাচের দলে নতুন মুখের ছড়াছড়ি। ইংলিশদের বিপক্ষে টেস্টে
ভালো করতে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের ওপরও আস্থা রাখছেন নির্বাচকরা।
রোববার ঘোষিত ১৪ সদস্যের দলে চারজনই নতুন মুখ। প্রথমবারের মতো টেস্ট দলে
ডাক পেয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও
নুরুল হাসান সোহান। বয়স এখনও ১৯ পূর্ণ হয়নি। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন
মাত্র ১২টি। মিরাজের সামর্থ্য বুঝে নিতে এতটুকুই যথেষ্ট মনে হয়েছে
নির্বাচকদের।
কাল সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু
বললেন, এই অলরাউন্ডারের কাছ থেকে অনেক কিছুই পাওয়ার আছে দেশের ক্রিকেটের।
তিনি বলেন, ‘টেস্ট খেলার জন্য প্রস্তুত মনে হয়েছে বলেই মিরাজকে দলে নিয়েছি।
অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটে সে ভালো খেলেছে। সেসব দেখেই সুযোগ দিয়েছি।
আমাদের মনে হয়েছে, দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু পাওয়ার
আছে। তারও দেয়ার আছে অনেক কিছু।’ প্রধান নির্বাচকের কথায় যা ইঙ্গিত, তাতে
শুধু স্কোয়াডে নয়, ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম
টেস্টে অভিষেকও হয়ে যেতে পারে মিরাজের। টেস্ট দলে সাব্বির রহমানের জায়গা
পাওয়াটা ছোটখাটো একটা চমক। তবে শুধু স্কোয়াডে নয়, কোচ চন্ডিকা হাথুরুসিংহে
খুঁজছেন সাব্বিরকে একাদশে জায়গা দেয়ার সুযোগ! খুব বেশি দিন হয়নি, সাব্বিরের
পরিচয় ছিল শুধুই টি ২০ স্পেশালিস্ট। সেখান থেকে এই ব্যাটসম্যান ওয়ানডে দলে
জায়গা পাকা করেছেন। মিডল ও লোয়ার মিডলঅর্ডার থেকে এখন উঠে এসেছেন তিন
নম্বরে। এগিয়ে চলার ধারাবাহিকতায় এবার সুযোগ পেলেন ক্রিকেটের সবচেয়ে বড়
মঞ্চে, টেস্ট দলে। প্রথম শ্রেণীর পরিসংখ্যান উল্লেখযোগ্য কিছু নয়। ৮ বছরে
ম্যাচ খেলতে পেরেছেন মাত্র ৩৫টি। তিনটি সেঞ্চুরি, গড় ৩৪.৭১। উইকেট ১১টি। এই
পারফরম্যান্স টেস্ট দলে তাকে ডাকার দাবি জানায় না। তবে দল ঘোষণার সংবাদ
সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘এখন আমাদের হাতে অনেক বিকল্প। একটা জায়গার
জন্য অনেক ক্রিকেটার থাকা ভালো।
সাব্বিরকে নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে
ভাবছি। দেখছি কিভাবে তাকে একাদশে জায়গা দেয়া যায়।’ গত আড়াই বছরে মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সাব্বির।
এদিকে পুরো সুস্থ হয়ে উঠলেও খেলার মধ্যে না থাকায় প্রথম টেস্টের দলে লিটন
দাসকে নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। লিটনের
জায়গায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন নুরুল হাসান। প্রথম
টেস্টে নুরুল উইকেটের পেছনে দাঁড়াবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। অধিনায়ক
মুশফিকেরও কিপিংয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ। তিনি বলেন, ‘দলে
আমরা দু’জন উইকেটকিপার রেখেছি। কারণ যদি ম্যাচের দিন সকালে কারও কিছু হয়
তখন তো কাউকে লাগবে। এই মুহূর্তে মুশফিকই আমাদের কিপার। (নুরুল হাসান)
সোহান দেশের অন্যতম সেরা কিপার, লিটনও ভালো। তবে সে ইনজুরিতে। এজন্য সোহান
সুযোগ পেয়েছে।’ এছাড়া পেসার কামরুল ইসলাম রাব্বিকে নির্বাচকরা দলে রেখেছেন
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার কারণে। ৪৭টি প্রথম
শ্রেণীর ম্যাচে ১০৩ উইকেট নিয়েছেন তিনি। তাকে দলে নেয়া সম্পর্কে প্রধান
নির্বাচক বলেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো খেলার কারণেই রাব্বিকে আমরা
দলে নিয়েছি। এছাড়া পুরনো বলে ভালো করতে পারে সে।’ এছাড়া সৌম্য সরকার রানে
না থাকলেও ক্লাস ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রেখেছেন নির্বাচকরা। কোচ মনে
করছেন, ফর্ম খারাপ হলেও দ্রুতই সে রানে ফিরবে।

No comments:
Post a Comment