Monday, October 17, 2016

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে বিশ্বব্যাংক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বৈঠক করেছেন । সোমবার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সকাল ১০টায়। এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল‌্য দেখতে ঢাকা সফরে আসা কিম তার কর্মসূচি শুরু করলেন। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলন বক্তৃতা দেন মুহিত ও কিম। কিম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন সহায়তায় পাশে থাকবে বিশ্বব্যাংক। এসময় তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সাফল্যের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশ্বব্যাংকের সহযোগিত অব্যাহত রাখার ঘোষণা দেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ গত ৩০ বছরে দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সন্তোষজনক তবে প্রবৃদ্ধি আরও বাড়াতে হবে। আগামীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও জলবায়ু খাতে বাংলাদেশকে আরও সহায়তার আশ্বাস দেন কিম।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কয়েকটি ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ছিল। বর্তমানে প্রেসিডেন্টের সহযোগিতায় তা দূর হয়ে যাচ্ছে। পদ্মাসেতু ছাড়া অন্য যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো চলমান আছে এবং সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নও বহাল রয়েছে। অর্থমন্ত্রী বলেন,বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের দারিদ্রের হারকে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকলে এটা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, পুষ্টিখাতে দুই বছরে এক বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। অর্থনীতিবিদরা জানিয়েছেন, পদ্মা সেতু নিয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের তিক্ততা কাটানোও কিমের এই সফরের লক্ষ্য। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের পদক্ষেপগুলো বিশ্বের কাছে তুলে ধরতেই বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এই সফর বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, যেসব দেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বিশ্বের সবার কাছে অনুকরণীয় হতে পারে, সেসব দেশে পরিদর্শনে যান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। গত বছর তিনি গিয়েছিলেন ঘানায়। ৩ দিনের সফরে রোববার বিকালে ঢাকা পৌঁছান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। মঙ্গলবার বিকালে তার ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে।
জানা গেছে, এই সফরকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস পালনের পাশাপাশি ঢাকায় একটি বক্তৃতাও দেবেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন শেষ করেই ঢাকায় এলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে আসা দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম। বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’- শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথির বক্তৃতা দেবেন কিম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার। বিশ্বব্যাংক সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সনও বক্তৃতা করবেন। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ‘এন্ড পোভার্টি’ শীর্ষক গান গাইবেন। এ পর্বের শেষে ‘প্রসপার বাংলাদেশ’ শিরোনামে একটি প্রেজেনটেশন উপস্থাপন করা হবে। সেখানে ‘এন্ড গ্লোবাল পোভার্টি বাই-২০৩০ : শেয়ারিং বাংলাদেশ এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনায়ও বক্তৃতা করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। আগামীকাল সকালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। ফিরে এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিকালে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন তিনি।

No comments:

Post a Comment