Tuesday, October 4, 2016

স্মার্টকার্ড পেয়ে খুশি বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত দাসিয়ারছড়ায় (সদ্যবিলুপ্ত ছিটমহল) মানুষের হাতে তুলে দেয়া হলো স্মার্টকার্ড। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্মার্টকার্ড নারিগকত্ব পরিচয়ের অনন্য দলিল। আপনারা এটি যত্ন সহকারে রাখবেন। সরকার আপনাদের উন্নয়নে অনেক কিছু করছে। আপনাদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এরপর তিনি দাসিয়ারছড়ার নতুন ২০ জন নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেন। এ সময় উপস্থিত দাসিয়ারছড়াবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। করতালির মধ্য দিয়ে অভিবাদন জানায় উপস্থিত জনতা। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আরো বলেন, অতীতে রাজা, জমিদারদের দাবাখেলায় হারজিতের মধ্য দিয়ে এই ছিটমহলের জন্ম হয়। পরবর্তীতে ব্রিটিশ সরকার কিংবা পাকিস্তান সরকার এই ছিটমহল সমস্যার সমাধান করেননি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায় ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষর হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক বিজয়ের মধ্য দিয়ে ১ আগস্ট ছিটমহলবাসী স্বাধীন হয়। এরই ধারাবাহিকতায় আজ বিলুপ্ত ছিটমহলবাসী জাতীয় পরিচয়পত্র লাভের গৌরব অর্জন করলেন।  জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান সালেউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বেগম জেসমিন তুলি, অতিরিক্ত সচিব ড. শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। স্মার্টকার্ড পেয়ে অনুভূতি ব্যক্ত করেন চম্পা খাতুন ও আশরাফুল আলম। তারা বলেন, ‘আমরা আজ বাংলাদেশি। আজ আমার হাতে নাগরিকত্বের স্মার্টকার্ড। আমরা স্মার্ট নাগরিক। এ আমাদের পরম প্রাপ্তি।’ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মামুনুর রশিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা সুলতানা।  প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের কাছ থেকে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ছোট কামাতের দক্ষিণ-পশ্চিম অংশের সুজনেরকুটি গ্রামের অধিবাসী ১০ জন নারী এবং ১০ জন পুরুষ স্মার্টকার্ড গ্রহণ করেন। এরা সবাই ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পর্যাক্রমে অন্যদের মাঝেও কার্ড বিতরণ করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। উল্লেখ্য, দু’দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত দাসিয়ারছড়াসহ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের মূল ভূখণ্ডে ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে অন্তর্ভুক্ত হয়। সেই সঙ্গে অবসান ঘটে দীর্ঘদিনের পরাধীনতার।
>>>মানবজমিন

No comments:

Post a Comment