Sunday, October 23, 2016

নতুন উচ্চতায় সাকিব

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। এই অলরাউন্ডারের প্রাপ্তির ঝুলিতে যোগ হল আরও একটি নতুন পালক। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে দেড়শ’ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন কাল এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। চট্টগ্রাম টেস্টে খেলতে নামার আগে দেড়শ’ উইকেট থেকে মাত্র তিন উইকেট দূরে ছিলেন সাকিব। প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে মাইলফলকের খুব কাছে চলে যান তিনি। কাল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিজের পঞ্চম ওভারে জো রুটকে সাজঘরে ফিরিয়ে টেস্টে দেড়শ’ উইকেট পূরণ করেন সাকিব। তৃতীয়দিনের খেলা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সাকিব একাই নিয়েছেন পাঁচ উইকেট। চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনের খেলা শেষে টেস্টে সাকিবের মোট উইকেট ১৫৪।
টাইগার বোলারদের মধ্যে টেস্টে ২০০ উইকেট শিকারের দৌড়ে অনেক এগিয়ে সাকিব। তার ধারে কাছেও নেই আর কোনো বোলার। টেস্টে সাকিব ছাড়া শুধু মোহাম্মদ রফিক ১০০ উইকেট নিতে পেরেছেন। বাংলাদেশী বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন মাশরাফি মুর্তজা। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়েছেন টাইগারদের ওয়ানডে ও টি ২০ অধিনায়ক। ৩৮ টেস্টে ৭২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে থাকা শাহাদাত হোসেনও দলে নিয়মিত নন। বর্তমানে জাতীয় দলে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তাইজুল ইসলামের। চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনের খেলা পর্যন্ত ১০ টেস্টে তার শিকার ৩৯টি। এদিকে সাকিবের সামনে আরেকটি মাইলফলকের হাতছানি। অলরাউন্ডার হিসেবে টেস্টে দেড়শ’ উইকেটের পাশাপাশি তিন হাজার রানের এলিট ক্লাবে নাম লেখানোর সুযোগ তার সামনে। টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলক ছুঁতে তার দরকার আরও ১৪৬ রান। চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনের খেলা পর্যন্ত টেস্টে সাকিবের মোট রান ২৮৫৪।

No comments:

Post a Comment