Saturday, October 1, 2016

ভারত–পাকিস্তানের হাত ধরেই...

ইনজামাম উল হক ও লালচাঁদ রাজপুত
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্কটা আবার শীতল হয়ে পড়েছে। দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা। এই মুহূর্তে কোথায় আবার একই বিন্দুতে দুই দেশ? একটা জায়গায় সেটি খুঁজে পেতে পারেন। আফগানিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক উন্নতির গ্রাফটা দেখুন। ভারত-পাকিস্তানের হাত ধরেই কিন্তু এগোচ্ছে আফগানরা! অক্টোবর ২০১৫ থেকে অক্টোবর ২০১৬—এই সময়ে আফগানিস্তান ১৮ ওয়ানডেতে জিতেছে ১০টিতে, হেরেছে ৭টিতে। অপর ম্যাচটি পরিত্যক্ত। ১০ জয়ের সাতটিই আবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। এর মধ্যে জিম্বাবুয়ের সঙ্গে ছয়টি, বাংলাদেশের সঙ্গে একটি। টি-টোয়েন্টিতে তাদের রেকর্ড আরও ভালো। গত এক বছরে ১৭ ম্যাচের ১২টিতেই জয়। এর মধ্যে পাঁচটি জিম্বাবুয়ে ও একটি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর আফগানিস্তান বড় সাফল্য পেয়েছে সর্বশেষ এক বছরেই। এর পেছনে বড় অবদান ইনজামাম-উল-হক ও লালচাঁদ রাজপুতের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম সংক্ষিপ্ত সময়ের জন্য আফগানিস্তানের দায়িত্ব নিয়েছিলেন গত বছর অক্টোবরে।
গত এপ্রিলে ইনজি দায়িত্ব ছাড়লে জুনে দলটির কোচ হন ভারতের হয়ে ২ টেস্ট ও ৪ ওয়ানডে খেলা রাজপুত। ভারত-পাকিস্তানের এই দুই সাবেক খেলোয়াড়ের ছোঁয়ায় আফগানিস্তান এগিয়ে চলেছে দারুণ গতিতে, গতকাল সেটিই বললেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শহীদি, ‘যদি সর্বশেষ এক বছর দেখেন, আফগানিস্তান ক্রিকেট অনেক উন্নতি করেছে। এর আগে ইনজামাম ছিলেন আমাদের কোচ। কোচ হিসেবে তিনি অসাধারণ করেছেন। এখন রাজপুত স্যার আমাদের জন্য সর্বোচ্চটাই করছেন। বিশ্বের অন্যতম সেরা দল হতে পারব, তিনি আমাদের সেই আত্মবিশ্বাসটা দিয়েছেন। প্রতিটি দলের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করছেন। আমাদের ব্যাটিং নিয়েও তিনি কাজ করছেন। কীভাবে ৫০ ওভার খেলতে হয় সেটি শেখাচ্ছেন।’ বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেই চমকে দিয়েছে আফগানিস্তান। ১-১ সমতার পর এখন আফগানদের সামনে সিরিজ জয়ের সুযোগ। শুরুতেই যেখানে ক্রিকেটীয় সৌজন্য মেনে আফগানিস্তানকে ‘ভালো দল’ বলেছে বাংলাদেশ। এখন তারাও একইভাবে বাংলাদেশকে ‘সমীহ’ করছে! হাসমতউল্লাহর কথায় সেটিই স্পষ্ট, ‘দুই দলই শক্তিশালী। আমাদের দল ভালো। বাংলাদেশও ভালো। দর্শক-সমর্থক তাদের পক্ষেই থাকবে। প্রচুর দর্শক তাদের সমর্থন দিতে আসবে। আমরা যদি ভালো খেলি তবে আমরা জিতব। তারা ভালো খেললে তারা জিতবে।’

No comments:

Post a Comment