Saturday, October 29, 2016

দূর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুৎ পরিচালককে অপসারণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৭নং এলাকা পরিচালক হামিদুল্লাহ আল বাবলুকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। ঘুষ গ্রহণ ও গ্রাহক হয়রানির অভিযোগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ তাকে অপসারণ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইমদাদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানা গেছে, বিদ্যুৎ সংযোগ দেয়া ও ট্রান্সফারমার পরিবর্তনের নামে গ্রাহকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন পরিচালক বাবলু। যা ৩১/০৮/২০১৬ ইং তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) স্মারক নং-২৭.১২.২৬৩৭.০১৮.২৪.৫২৫.১৬.১০৮৯ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়।
এছাড়া ওই তার বিরুদ্ধে  পল্লী বিদ্যুৎ সমিতির স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড, গ্রাহক হয়রানি, ও সমিতির ভাবমূর্তি ক্ষুণ্নের প্রমাণ মিলেছে। এদিকে, গত ৯ অক্টোবর সমিতির কারণ দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি যে জবাব দিয়েছেন তা (বাপবিবো) কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাই সমিতির বিধিমোতাবেক তাকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের ৭নং এলাকার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ আগস্ট দৈনিক যুগান্তরে ‘ঘুষ ছাড়া মিলছে না বিদ্যুৎ সংযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে টনক নড়ে পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

No comments:

Post a Comment