Sunday, October 2, 2016

হিলারির চেয়েও নোংরা হতে পারি: ট্রাম্প

ফ্লোরিডার সানরাইজ থিয়েটারে ভাষণ দেওয়ার আগে
সমর্থকদের সঙ্গে সেলফি তুলছেন হিলারি ক্লিনটন।
অন্যদিকে মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসের কেন্ট কাউন্টিতে
দলীয় কার্যালয় পরিদর্শনের সময় ডোনাল্ড ট্রাম্পের ছবি
তুলছেন এক সমর্থক। দুটি ছবিই শুক্রবারের। এএফপি
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হিলারি একজন নোংরা মানুষ। তবে আমি তাঁর চেয়েও বেশি নোংরা হতে পারি।’ গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরকীয়ার কথা উল্লেখ করে প্রতিদ্বন্দ্বীকে কোণঠাসা করতে চাইছেন ট্রাম্প। গত সপ্তাহে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে হিলারির কাছে ধরাশায়ী হওয়ার পর আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার কৌশল নিয়েছেন ট্রাম্প। শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে নিজের বিয়ে, টুইটারে দেওয়া মন্তব্যের সমালোচনা, প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্ক ও বিল ক্লিনটনের বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থী বলেন, হিলারি এমন একজনকে বিয়ে করেছিলেন যিনি রাজনৈতিক ইতিহাসে অন্যতম নারী অবমাননাকারী হিসেবে পরিচিত। হিলারির কারণেই বিল ক্লিনটন পরে ওই নারীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। আমি মনে করি, এটা তাঁদের জন্য বড় সমস্যা। সামনের দিনগুলোতে আমি এই বিষয়টি নিয়ে আরও কথা বলব।’
তিনি বলেন, ‘হিলারি নোংরা মানুষ। তবে আমি তাঁর থেকেও বেশি নোংরা হতে পারি, যা তিনি (হিলারি) ধারণাও করতে পারবেন না।’ ডোনাল্ড ট্রাম্প শিবির থেকে এক সপ্তাহ ধরে বিল ক্লিনটনের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছে। এমনকি বিতর্কের আগে ট্রাম্প তাঁর ব্যক্তিগত অতিথি হিসেবে বিল ক্লিনটনের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত জেনিফার ফ্লাওয়ারকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। গত সপ্তাহের প্রেসিডেনশিয়াল বিতর্কে হিলারির সাবেক বিশ্ব সুন্দরী এলিসিয়া মাচা দোর প্রসঙ্গ টেনে এনে ট্রাম্পকে বিব্রত করেছিলেন। ১৯৯৬ সালের ভেনেজুয়েলার নাগরিক বিশ্ব সুন্দরী মাচাদোকে ‘মিস হাউসকিপিং’ (মিস গৃহকর্মী) ও ‘মুটকি’ বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। হিলারির ওই সমালোচনার পর থেকে ট্রাম্প শিবির বিল ক্লিনটনের যৌনাচারের বিষয়টি সামনে নিয়ে আসে। প্রেসিডেন্ট হওয়ার আগে, আরকানস অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় বিবাহিত বিল ক্লিনটন জেনিফার ফ্লাওয়ারস নামে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসের শিক্ষানবিশ ২২ বছর বয়সী মনিকা লিউনস্কির সঙ্গে অসংগত সম্পর্কের অভিযোগে মার্কিন কংগ্রেসে তিনি অভিশংসনের সম্মুখীন হয়েছিলেন পর্যন্ত।
নিজের বিবাহবহির্ভূত সম্পর্ক সত্ত্বেও বিল ক্লিনটনের সমালোচনা থেকে বিরত থাকবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন। প্রথম বিয়ে তাঁর অন্য নারীর সঙ্গে সম্পর্কের কারণে টেকেনি। মাচাদোকে নিয়ে আবার ট্রাম্পের সমালোচনা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও সাবেক বিশ্বসুন্দরী অ্যালিসিয়া মাচাদোর কঠোর সমালোচনা করলেন। টুইটারে গত শুক্রবার একাধিক বার্তায় ট্রাম্প দেশবাসীকে অ্যালিসিয়া মাচাদোর ব্যক্তিগত জীবন এবং ‘যৌনদৃশ্য’ যাচাই করার আহ্বান জানান।  ভেনেজুয়েলায় জন্ম অ্যালিসিয়ার। মিস ইউনিভার্সের খেতাব পান ১৯৯৬ সালে। তাঁকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দিতে সাহায্য করেছিলেন ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। এ জন্য হিলারির কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। জবাবে হিলারি টুইটারে ট্রাম্পকে ‘বিকারগ্রস্ত’ আখ্যা দিয়েছেন।
অ্যালিসিয়ার অভিযোগ, মোটা হয়ে যাওয়ায় ট্রাম্প একবার তাঁকে শূকরের সঙ্গে তুলনা করেছিলেন। প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রথম দফায় হিলারি ওই প্রসঙ্গ তুলে ট্রাম্পকে নাস্তানাবুদ করেন। সেই থেকে তিনি অ্যালিসিয়াকে নিয়ে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি নারী এবং হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা হারানোর ঝুঁকি সত্ত্বেও থামছেন না। নির্বাচনের বাকি আছে ছয় সপ্তাহেরও কম সময়। এ অবস্থায় একটি ‘যৌনদৃশ্যের ভিডিওতে’ অ্যালিসিয়ার জড়িত থাকার অভিযোগ তুললেন ট্রাম্প। এতে তাঁর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা ও রুচি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।    এ বিষয়ে হিলারি টুইটারে লিখেছেন, ‘কী ধরনের মানুষ হলে কেউ সারা রাত ধরে একজন নারীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচার এবং বিষোদ্‌গার করতে পারেন?’ ফ্লোরিডার কোরাল ইনিংসে এক প্রচারসভায় হিলারি বলেন, অ্যালিসিয়াকে নিয়ে ট্রাম্প যা কিছু বলেছেন, তাতে স্পষ্ট হয় যে টুইটার বার্তায় যিনি উত্তেজিত হয়ে পড়েন, তাঁর হাতে আর যা-ই হোক, পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়।

No comments:

Post a Comment