Wednesday, October 5, 2016

সুপ্রিয়ার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কলেজছাত্রী সুপ্রিয়া সরকারের হত্যাকারীদের ফাঁসির
দাবিতে গতকাল মানিকগঞ্জে মানববন্ধন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। প্রথম আলো
কলেজছাত্রী সুপ্রিয়া সরকারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, হিন্দু মহাজোটের জেলা সভাপতি বাসুদেব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বাসুদেব সাহা বলেন, সুপ্রিয়ার বাবা-মায়ের মতো আর কাউকে যেন এভাবে সন্তান হারাতে না হয়। সে জন্য প্রকৃত খুনিদের শাস্তি দিতে হবে।
পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর সকালে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে সুপ্রিয়া সরকারের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। সুপ্রিয়া সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। লাশ উদ্ধারের সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় একই দিন সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা জামাতা দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার, শাশুড়ি গীতা সরকারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এর পরদিন মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৯ সেপ্টেম্বর পূর্ব দাশড়া এলাকা থেকে রণজিৎ রনো, বিষ্ণু পাল ও মহাদেব সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই এ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার রণজিৎ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

No comments:

Post a Comment