Wednesday, October 26, 2016

দ্বিতীয় টেস্টে সাব্বিরের খেলা নিয়ে শংকা

অভিষেক টেস্টে দুর্দান্ত পারফরমেন্সে লম্বা দৌঁড়ের ঘোড়া হিসেবেই নিজের অবস্থান জানান দিয়েছেন সাব্বির রহমান। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষ পর্যন্ত দলকে টেনে নেয়ার চেষ্টা করেন তিনি। তবে ২২ রানের হারে ট্র্যাজিক হিরো হিসেবেই গণ্য হন সাব্বির। ২৮ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে মিরপুর স্টেডিয়ামে। তবে এই ম্যাচে সাব্বিরকে না পাওয়ার শংকা দেখা দিয়েছে। কারণ হিসেবে জানা গেছে, প্রথম টেস্টের আগেই পেটে ব্যথা অনুভব করছিলেন সাব্বির। চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। তবে এখনও তিনি সুস্থ হননি।
তাই ঢাকা টেস্টে তার খেলা নিয়ে শংকা তৈরি হয়েছে। এ বিষয়ে অবশ্য গণমাধ্যমকে কোনো তথ্য দিতে রাজি হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের এ ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। সাব্বিরের পেটে ব্যথার বিষয়টি এক চিকিৎসক স্বীকার করেছেন। তবে বিষয়টি আশংকাজনক কিছু নয় বলে মন্তব্য তার। ঢাকায় আবারও তার পরীক্ষা করানো হবে বলে জানান তিনি। এদিকে সাব্বিরের অসুস্থতার বিষয়টি স্বীকার করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। তিনি বলেন, 'সাব্বির কিছুটা অসুস্থ। এ কারণে মোসাদ্দেককে স্কোয়াডে রাখা হয়েছে।' এদিকে আগামী দু'দিনের মধ্যে সাব্বিরের ব্যথা না বাড়লে সাব্বির মিরপুর টেস্টে খেলবেন বলেও আশা করছেন চিকিৎসকরা।

No comments:

Post a Comment