Thursday, October 27, 2016

আয়নাবাজি পাইরেসির অভিযোগে আটক ১

আলোচিত ও দর্শক নন্দিত সিনেমা 'আয়নাবাজি' পাইরেসির অভিযোগে এক যুবককে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম। আটক যুবককের নাম আতিকুর রহমান অভি। বুধবার রাতে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাড্ডার কোন এলাকা থেকে এই যুবককে আটক করা হয়েছে এবং তার বিস্তারিত পরিচয় বিষয়ে নিশ্চিত করা হয়নি। মাসুদুর রহমান জানান, অভিকে আটকের সময় তার কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত কম্পিউটার হার্ডডিস্ক ও সার্ভার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তিনি জানান,
'আয়নাবাজি' পাইরেসির অভিযোগ উঠার পরই সাইবার ক্রাইম টিম এ নিয়ে অনুসন্ধানে নামে। এছাড়া ডিএমপির অফিসিয়াল ফেসবুকে পাইরেসিকারীদের বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম রাজধানীর বাড্ডা থেকে সিনেমাটির পাইরেসির অভিযোগে ওই যুবককে আটক করে। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর অমিতাভ রেজার প্রথম ছবি 'আয়নাবাজি' মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরই ঢাকাসহ সারা দেশে সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরই মধ্যে গত সপ্তাহে 'আয়নাবাজি' পাইরেসির কপি বাজারে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সিনেমাটির পাইরেসি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠে।

No comments:

Post a Comment