Thursday, October 27, 2016

কোয়েটা হামলার পেছনে 'র'-'এনডিএস'

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটি (এডিএস) এর পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের কোয়েটায় পুলিশ একাডেমিতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেইলের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল (অব.) নাসের খান জাঞ্জুয়া। বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ বৈঠকের কথা বলা হয়েছে। খবর ডন'র।
এতে কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে হামলা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং আন্তঃসীমান্ত হামলার বিষয়ে আলোচনা হয়। জাঞ্জুয়া 'র' এবং 'এডিএস'র তত্ত্বাবধানে সন্ত্রাসী হামলার যোগসূত্র ভেঙে দেয়ার ওপর বৈঠকে গুরুত্বারোপ করেন। এসময় পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রে সহায়তা চায় পাকিস্তান। রাষ্ট্রদূতকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবহিত করেন, কোয়েটায় হামলাকারীয় অব্যাহতভাবে আফগানিস্তানে তাদের নেতা এবং তত্ত্বাবধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছিল। বৈঠকে কোয়েটা হামলার নিন্দা এবং হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেন তিনি। সোমবার রাতে কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে ঘুমন্ত ক্যাডেটদের ওপর তিন বন্দুকধারী হামলায় অন্তত ৬১ জন নিহত এবং আরও ১১৭ জন আহত হন। দেশটির ইতিহাসে নিরাপত্তা স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। লস্কর-ই-জংভি'র জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে নিরাপত্তা বাহিনীর ধারণা। তবে আলাদাভাবে কথিত ইসলামিক স্টেট-আইএস হামলার দায় স্বীকার করেছে।

No comments:

Post a Comment