Sunday, October 2, 2016

ভারতের পাকিস্তানবিরোধী উদ্যোগে আবারও চীনের বাধা

মাসুদ আজহার
চীনের প্রচেষ্টায় আবারও ভারতের এক পাকিস্তানবিরোধী উদ্যোগ থমকে গেছে। ভারতের পাঠানকোট হামলার সন্দেহভাজন হোতা মাসুদ আজহারকে জাতিসংঘ থেকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য ভারতীয় প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের আপত্তি ও বিবেচনার মেয়াদ বাড়িয়েছে সংস্থাটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। এর মধ্য দিয়ে আজহারকে সন্ত্রাসী ঘোষণার প্রচেষ্টার ক্ষেত্রে আরও ছয় মাসের জন্য অপেক্ষা করতে হবে ভারতকে। কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চলছে, ঠিক সেসময় এমন সিদ্ধান্তের কথা জানালো চীন।
উল্লেখ্য, মাসুদ আজহার এবং তার সংগঠন জয়েশ ই মুহাম্মদ পাকিস্তানের প্রত্যক্ষ মমদে পরিচালিত হয় বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ভারত। তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রচেষ্টায় চীনের বাধা দেওয়ার ঘটনায় পাকিস্তানের প্রতি বেইজিংয়ের পক্ষপাতের বিষয়টিই আবারও সামনে চলে এসেছে। এর ক’দিন আগে চীনের তরফ থেকে ভারতের নামোল্লেখ না করে হুঁশিয়ার করা হয়, পাকিস্তানের সার্বভৌমত্বে কেউ আঘাত করলে চীন সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে।
পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে মুম্বাই হামলা, পাঠানকোট হামলা, উরি হামলাসহ বেশ কিছু হামলার মূল হোতা হিসেবে দায়ী করে থাকে ভারত। আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় এ মাসুদ আজহারের নাম যুক্ত করতে গত মার্চে জাতিসংঘের ১২৬৭ কমিটিতে আবেদন জানায় দেশটি। নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ১৪টি দেশ ভারতের প্রস্তাবের পক্ষে থাকলেও চীন তাতে আপত্তি জানায়। বিবেচনার জন্য ছয় মাসের সময় নিয়ে প্রস্তাবটি ঝুলিয়ে দেওয়া হয়। আগামী সোমবার চীনের সেই বিবেচনাজনিত স্থগিতাদেশের (টেকনিক্যাল হোল্ড) এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে টেকনিক্যাল হোল্ডের মেয়াদ ছয় মাস বাড়িয়ে নেওয়ার কথা জানালো চীন।  দেশটি নতুন করে আপত্তি না জানালে সোমবারের মেয়াদ শেষ হওয়ার পরই প্রস্তাবটি পাস হয়েছে বলেই বিবেচনা করার কথা ছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘২০১৬ সালের মার্চে ১২৬৭ কমিটিতে ভারতের করা আবেদনে যে বিবেচনাজনিত স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তার মেয়াদ এরইমধ্যে বাড়ানো হয়েছে। ভারতের করা ওই সন্ত্রাসী তালিকা নিয়ে এখনও বেশকিছু মতবিরোধ রয়েছে। বর্ধিত সমযসীমার কারণে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে কমিটি আরও সময় পাবে এবং সংশ্লিষ্টরাও এ নিয়ে আরও আলোচনার সুযোগ পাবেন।’
উল্লেখ্য, জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত হয়ে গেলে মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি হবে।
>>>বাংলা ট্রিবিউন

No comments:

Post a Comment