Tuesday, October 4, 2016

হালদা পাড়ে তারকাদের রসায়ন

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীর পাড়ে চলছে তৌকীর আহমেদের নতুন ছবি ‘হালদা’র শুটিং। আজাদ বুলবুলের মূল গল্পের কিছুটা পরিবর্তন পরিবর্ধন করে চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।  এতে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমেরাজ তিশা, মোমেনা চৌধুরী, শাহেদ আলী। প্রিয় তারকাদের একনজর দেখতে চট্টগ্রামের রাউজান থানার বড়ুয়া পাড়ায় হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড় প্রতিদিনই লেগে আছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে এখানেই ছবিটির শুটিং চলছে। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘যে বিষয়টিকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করছি তা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। নদীতে শুটিং করা অনেক কঠিন।
তবে আবহাওয়া অনুকূলে ছিল বলে কষ্ট হলেও সঠিকভাবেই কাজ করতে পারছি। শিল্পীরাও যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করছেন। অজ্ঞাতনামার পর হালদা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ।’ এ ছবিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘তৌকীর ভাই নির্মাতা হিসেবে অসাধারণ। খুব ঠাণ্ডা মাথায় কাজটি করছেন। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। কাজটি করে আমি তৃপ্ত।’ মোশাররফ করিম বলেন, ‘তৌকীর ভাইয়ের প্রত্যেকটি কাজই গোছানো। খুব পরিশ্রম করে কাজ করেন তিনি এবং একজন পারফেকসনিস্ট পরিচালকও বটে।’ নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘হালদা একটি ভালো গল্প। আর এই ভালো গল্পটি একজন গুণী নির্মাতার হাতে নির্মিত হচ্ছে। এতে গুণী শিল্পীরা অভিনয় করছেন। নিশ্চয়ই একটি ভালো কাজ হবে এবং এটা বিশ্বাসও করি।’

No comments:

Post a Comment