Thursday, October 27, 2016

স্বপ্নচারিনী মেহজাবিনের গল্প

মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সমসাময়িক টিভি মিডিয়ার অন্যতম আলোচিত তারকা তিনি। নজরকাড়া সৌন্দর্য আর মন মাতানো হাসির রেশে দর্শকদের কাছে বরাবরই স্বপ্নকন্যা তিনি। টিকে থাকার লড়াইয়ে নয়, নিজেকে একজন সফল অভিনেত্রীর পরিচয়ে পরিচিত করার লক্ষ্যে ছুটছেন ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও।
শোবিজে অন্য আট-দশজন অভিনেত্রীর মতো কারও হাত ধরে আসেননি মেহজাবিন চৌধুরী। বিশাল এক প্লাটফর্মে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছেন রঙিন এ দুনিয়ায়। লাক্স তারকার মুকুট মাথায় পরে এ অঙ্গনে পা রেখেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে কারণে নাটক নির্মাতা কিংবা বিজ্ঞাপন নির্মাতাদের কাছে মেহ্জাবিনের যেমন আলাদা কদর আছে ঠিক তেমনি দর্শকের কাছেও রয়েছে তার বেশ গ্রহণযোগ্যতা। উৎসব কিংবা উৎসবের বাইরে নাটকে অভিনয়ের জন্য প্রস্তাবের পাহাড় আসতে থাকে তার কাছে। এ ছাড়াও উন্নত ব্যক্তিত্বের কারণে তাকে নিয়ে কাজ করতেও স্বাচ্ছন্দ্য পান নির্মাতারা। শিডিউল ফাঁসানোর কোনো অভিযোগ নেই তার ক্যারিয়ারে। নেই নাক উঁচু স্বভাবের কোনো আগোছালো আচরণের রেকর্ড। কিন্তু আগ্রহ থাকা সত্ত্বেও আহামরি সংখ্যক নাটকে অভিনয় করতে দেখা যায়নি তাকে। বিভিন্ন উৎসবে তার সহশিল্পীদের ডজন ডজন নাটকে অভিনয় করতে দেখা গেলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম থেকেছেন মেহজাবিন। অভিনয় করেছেন বেছে বেছে হাতেগোনা কয়েকটি নাটকে। এর কারণ জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘অভিনয়ের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ কখনই ছিল না। আগামীতেও থাকবে না। দুর্বল গল্পের শতাধিক নাটকের চেয়ে ভালো মানের গল্পের একটি নাটকে অভিনয় করাটা আমার কাছে স্বাচ্ছন্দ্যের।’ একই সময় কাজ শুরু করা সহকর্মী অনেকেরই বিয়ে হয়ে গেছে।
কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি এ তারকা। এ বিষয়ে জানতে চাওয়া হলে কিছুটা অপ্রস্তুত হয়ে যান মেহজাবিন। খানিক পরে প্রস্তুত হয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি আরও সময় নিতে চাই। নিজেকে আরও গুছিয়ে নিতে চাই। নির্দিষ্ট করে বলতে গেলে আরও তিন থেকে চার বছর পর বিয়ে করব। কারণ এখনও মনের মতো কাজ করা বাকি রয়ে গেছে। পাশাপাশি পরিবারের বড় সন্তান হিসেবে যে দায়িত্ব রয়েছে তা এখনও পালন করা হয়নি। এ ছাড়া নিজের পড়াশোনা এখনও শেষ করিনি। তাই আপাতত বিষয়টি আমার চিন্তার বাইরেই রয়েছে।’ কথার ফাঁকে মিডিয়াতে কাজ করতে এসে কারও প্রেমের প্রস্তাব পেয়েছেন কিনা জানতে চাইলে মেহজাবিন বলেন, ‘আমি যে সময়টাতে মিডিয়াতে কাজ করতে এসেছি তখন বেশ ছোটই ছিলাম। যে কারণে যাদের বিপরীতে কাজ করেছি প্রত্যেকই আমাকে ছোট বোনের মতো স্নেহ করেছেন। এখন বড় হয়েছি, বেড়ে উঠেছি। কিন্তু তাদের চোখে আমি এখনও সেই ছোট বোনটিই রয়ে গেছি। যে কারণে সহকর্মীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব কখনই পাইনি। তাছাড়া প্রেম কী এখনও বুঝে উঠতে পারিনি।’ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেশ পছন্দ মেহজাবিনের। বেড়াতেও বেশ পছন্দ করেন এ তারকা। তাই অবসর পেলেই আড্ডায় মেতে ওঠেন। মিডিয়া ও মিডিয়ার বাইরে বন্ধুর কোটা শতাধিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে বন্ধুদের সঙ্গে যখন আড্ডা দিই তখন কে মিডিয়ার, কে মিডিয়ার বাইরের সে বিষয়টি আসলে তখন আর মাথায় থাকে না। মন খুলে আড্ডা দিই আমরা। একজন সত্যিকারের বন্ধু জীবনের জন্য আশীর্বাদ। তাই বন্ধুদের আমি জীবনের জন্য আশীর্বাদই মনে করি।’
ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকরা শুধু খণ্ড নাটকে দেখতে পেয়েছেন মেহজাবিনকে। সময় না থাকায় কখনও ধারাবাহিকে অভিনয় করা হয়নি এ তারকার। পাশাপাশি ধারাবাহিক নাটকের গল্পের ধারাবাহিকতা না থাকায় এতে অভিনয়ের আগ্রহও তেমন একটা দেখা যায়নি তার মধ্যে। এবার অবশ্য ব্যতিক্রম দেখা গেল। প্রথমবারের মতো একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পরিচালক রায়হান খানের অনুরোধেই ‘সম্পর্ক’ নামের একটি ধারাবাহিক নাটকে দেখা যাচ্ছে তাকে। প্রথমবার কোনো ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন জানান, ‘অভিনয়কে এখনও পেশা হিসেবে নেয়া হয়নি। পড়াশোনার জন্য ধারাবাহিকে অভিনয় করতে যে সময়ের প্রয়োজন হয় তা আমার কাছে নেই। তবে হাতে সময় পাওয়ায় কোনো একটি ধারাবাহিকে এই প্রথম অভিনয় করলাম। তবে নিয়মিত করার ইচ্ছা এখনও নেই। আগে পড়াশোনাটা শেষ করি। তারপরই বিষয়টি নিয়ে ভাবব।’ শুধু অভিনয় গুণ নয় ইদানীং নাচের অনুষ্ঠানে পারফর্ম করেও আলোচিত হচ্ছেন তিনি। সময়ের আর চরিত্রের সঙ্গে মানিয়ে অভিনয় করে যাওয়া এ তারকা এখনও নিজের মনের মতো কাজটি করতে পারেননি বলেও জানালেন। তাই অপেক্ষায় আছেন নিজের সেরা কাজটি করার।

No comments:

Post a Comment