ঢাকা
টেস্টের প্রথম ইনিংসে সফরকারী
ইংল্যান্ড ২৪৪ রানে গুটিয়ে গেছে। ফলে স্বাগতিক বাংলাদেশের প্রথম ইনিংসের
চেয়ে তারা ২৪ রানে এগিয়ে রয়েছে। অথচ ১৪৪ রানে ইংলিশদের ৮ উইকেট তুলে নেয়ার
পর বাংলাদেশের লিড নেয়ার সম্ভাবনা জেগেছিল।
কিন্তু সে সম্ভাবনায় ঘি ঢেলে দেন লেজের সারির ব্যাটসম্যান ক্রিস ওকস ও
আদিল রশিদ। নবম উইকেটে তারা ৯৯ রান তুলে ইংল্যান্ডকে দারুণভাবে খেলায়
ফেরান। এ জুটি ভাঙার এক রান বাদেই সফরকারীরা ২৪৪ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশী বোলারদের মধ্যে সফল মেহেদী হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টর পর ঢাকা টেস্টেও তিনি ৬ উইকেট তুলে নিয়েছেন ৮২ রান
খরচায়। এছাড়া তাইজুল ইসলাম ৩টি ও সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তামিম
ইকবালের শতক এবং মুমিনুলের অর্ধশতকের পরেও শুক্রবার প্রথম দিনেই বাংলাদেশ
২২০ রানে গুটিয়ে তাদের প্রথম ইনিংস শেষ করে। অবশ্য শেষ বিকালে ইংল্যান্ড
ইনিংসে ধ্বংসলীলার আভাস দিয়ে রাখেন টাইগার বোলাররা। শনিবার শুরুতেই তা
বাস্তবায়ন করেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরপুরে ঢাকা টেস্টের
সকালটা নিজেদের করে নেন দু'জন।
৩ উইকেটে দলের ৫০ রান নিয়ে শুরু করেন জো রুট ও মঈন আলী। দলীয় ৬৪ রানে মঈন
আলীকে (১০) ক্লিন বোল্ড করে ফেরান মিরাজ। এরপর দলীয় ৬৯ রানে বেন স্টোকসকে
(০) মুমিনুলের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। সেখান থেকে জো রুট ও জনি
বেয়ারস্টো দলের হাল ধরেন। এক পর্যায়ে মনে হচ্ছিল, এই জুটি উইকেটে থিঁতু হতে
চলেছে। কিন্তু ৪৫ রানের এই জুটি আবারও ভাঙেন মিরাজ তার ঘূর্ণিতে। দলীয় ১১৪
রানে বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ শিকার তুলে নেন তিনি। আর
দলীয় ১৪০ রানে অভিষিক্ত জাফর আনসারিকে (১৩) দ্বিতীয় স্লিপে শুভাগত হোমের
তালুবন্দি করে মিরাজ পঞ্চম শিকার পূর্ণ করেন। আর প্রান্ত আগলে খেলা জো
রুটকে দলীয় ১৪৪ রানে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। এলবিডব্লিউ হওয়ার আগে তিনি
করেন ৫৬ রান। এরপর লেজের সারির ক্রিস ওকস ও আদিল রশিদ রীতিমত প্রতিরোধ গড়ে
তোলেন। ৯৯ রানের এ জুটির কাছে টাইগার বোলারদের খুবই অসহায় মনে হয়েছে।
কিন্তু নতুন বল নিয়ে সেই মিরাজই নিজের ষষ্ঠ শিকার তুলে প্রতিরোধ গুড়িয়ে
দেন। তার বলে লেগ স্লিপে শুভাগত হোমের কাছে ক্যাচ দিয়ে ফেরার আগে ওকস করেন
৪৬ রান। এক রান বাদেই তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন
স্টিফেন ফিন। ২৪ রানের লিড পেয়ে ইংল্যান্ড থামে ২৪৪-এ। অপরপান্তে আদিল রশিদ
৪৪ রানে অপরাজিত ছিলেন।

No comments:
Post a Comment