Tuesday, October 4, 2016

দুই পুঁজিবাজারে আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক একপর্যায়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪৭০৫ পয়েন্টে পৌঁছায়। সূচক বাড়লেও ডিএসইতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। লেনদেন ২৫০ কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে ভালো গতি লক্ষ করা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৬১ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয় ২৮২ কোটি ৯০ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির। দর কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৫ কোটি ৭১ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৫ কোটি ৩৭ লাখ টাকা। আজ সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ৪০টির।

No comments:

Post a Comment