Sunday, October 30, 2016

এসে গেছেন মিরাজ

চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টেই বল হাতে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে তার মায়াবী ঘূর্ণিতে সাজঘরে ফিরেছেন ছয় ইংলিশ ব্যাটসম্যান। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন এক উইকেট। চট্টগ্রামের পর ঢাকায়ও দেদীপ্যমান মেহেদী। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন এই তরুণ অলরাউন্ডার।
শুক্রবার টেস্টের প্রথমদিন দুই উইকেট নেয়ার পর শনিবার নেন আরও চার উইকেট। টেস্ট ইতিহাসে নিজের প্রথম দুই টেস্টে পাঁচ উইকেট নেয়া প্রথম অফ-স্পিনার মিরাজ। মিরাজের আগে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের ছয়জন বোলার। কিন্তু দ্বিতীয় টেস্টে তাদের কেউ পাঁচ উইকেট নিতে পারেননি। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান। পরে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্টে তিনি নেন এক উইকেট। সেই টেস্টে ছয় উইকেট নিয়ে অভিষেক হয় মঞ্জুরুল ইসলামের। হারারেতে পরের টেস্টে এই বাঁ-হাতি পেসার ছিলেন উইকেটশূন্য। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেয়া এ অলরাউন্ডার প্রথম ইনিংসে নেন তিন উইকেট। পরের টেস্টে অসাধারণ বোলিং করলেও প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে পান এক উইকেট। মাহমুদউল্লাহর মতো ইলিয়াস সানির টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১ সালে। চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন এক উইকেট।
অসুস্থতার কারণে সিরিজের পরের টেস্টে খেলা হয়নি তার। নিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে নেন তিন উইকেট। পরের বছর নভেম্বরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অফ-স্পিনার সোহাগ গাজীর। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটের আগে প্রথম ইনিংসে নেন তিন উইকেট। পরে খুলনা টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থাকেন উইকেটশূন্য। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। নিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুই ও দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন তাইজুল। কাল মিরাজ ছাড়িয়ে গেলেন পূর্বসূরিদের সবাইকে। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই পাঁচ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার গড়েছেন আরেকটি রেকর্ড। এক ইনিংস হাতে রেখেই প্রথম দুই টেস্টে সবচেয়ে বেশি ১৩ উইকেট পাওয়া বাংলাদেশী বোলার এখন মিরাজ। প্রথম দুই টেস্টে ১২টি করে উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ মিরাজের সামনে।

No comments:

Post a Comment