Sunday, October 30, 2016

চলচ্চিত্রেই ব্যস্ত হচ্ছেন পিয়া বিপাশা

ছিলেন মডেলকন্যা। সেখান থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় শুরু করেছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ পিয়া বিপাশা। টিভি পর্দার গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রেও অভিষেক হয় তার। অভিষেকের পর থেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। ফলে বিজ্ঞাপন এবং নাটকে সমানতালে কাজ করার সঙ্গে ছবিতেও অভিনয় করতে থাকেন। তবে নাটক ও মডেলিংয়ে কাজ করলেও চলচ্চিত্রে অভিনয় করাটাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের তাগিদেই বর্তমানে কমিয়ে দিয়েছেন টিভি নাটকের কাজ। আপাতত সিনেমাতেই মনোযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এ তারকা চুক্তিবদ্ধ হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’ সিনেমায়। যদিও এ ছবির নাম পরিবর্তন হতে পারে বলে পরিচালক সূত্রে জানা গেছে। এছাড়া তার অভিনীত ‘হিপ হিপ হুররে’, ‘ধূসর ভালোবাসা’, ‘ডায়েরি অব লাভ’, ‘মনের রাজা’, ‘প্রেম ও একটি অচেনা শহর’ ছবিগুলো মুক্তির মিছিলে রয়েছে।
এ প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ‘টিভি পর্দার মাধ্যমে আমার যাত্রা শুরু হলেও চলচ্চিত্র শিল্পে শাবানা ও ববিতা আপাদের মতো একজন সফল নায়িকা হতে চাই। আশা করি এক্ষেত্রে সবার সহযোগিতা পাব।’ বর্তমানে এ নায়িকা মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ নামের একটি ছবির শুটিং করছেন। এ ছবিতে প্রথমবারের মতো চিত্রনায়ক সায়মন সাদিকের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন। নবাবগঞ্জের দোহার এলাকায় ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এ ছবিটির শুটিং শেষ করেই সায়মনের সঙ্গে আরেক ছবি ইফতেখারের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পিয়া বিপাশা। প্রসঙ্গত, পিয়া বিপাশা অভিনীত প্রথম ছবি ছিল ‘রুদ্র : দ্য গ্যাংস্টার’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন এবিএম সুমন। যদিও ব্যবসায়িকভাবে ছবিটি খুব একটা সফলতা পায়নি। তবে ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

No comments:

Post a Comment