আবারও
আওয়ামী লীগ সভাপতি হলেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।
বিকালে রুদ্ধদ্বার অধিবেশনে দলের পরবর্তী সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম
প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এ পদে কোন প্রার্থী
না থাকায় সর্বসম্মতভাবে তাকে সভাপতি ঘোষণা করা হয়। এ নিয়ে শেখ হাসিনা অষ্টম
বারের মতো আওয়ামী লীগের সভাপতি হলেন। ১৯৮১ সালে দেশে ফেরার আগে তার
অনুপস্থিতিতেই দলীয় কাউন্সিলে তাকে প্রথম সভাপতি নির্বাচিত করা হয়। এরপর
থেকে টানা এ পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সাধারণ সম্পাদক হিসেবে
ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল
ইসলাম। তার প্রস্তাব সমর্থন করেন বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট
জাহাঙ্গীর কবির নানক। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বিদায়ী কমিটির
প্রেসিডিয়াম সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন
শনিবার থেকে শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন নেতৃত্ব ঘোষণার পাশাপাশি
সংশোধিত গঠনতন্ত্র ও সম্মেলনের ঘোষণাপত্র অনুমোদন দেন কাউন্সিলররা।
সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পর কমিটির বাকি ৭৯ সদস্য
নির্বাচনের দায়িত্ব দেয়া হয় দলীয় সভানেত্রীকে।
>>>মানবজমিন

No comments:
Post a Comment