Saturday, October 8, 2016

গুলিতে বালক নিহত, আবার উত্তাল কাশ্মির

পুলিশের ছররা গুলিতে এক বালক নিহত হওয়ার প্রেক্ষাপটে আবার উত্তাল হয়ে পড়েছে ভারত-শাসিত কাশ্মির। সহিংসতা বন্ধে সেখানে আবার কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় লোকজন দাবি করেছে, ১২ বছর বয়সের বালকটি নিজের বাড়ির উঠানে গুলিবিদ্ধ হয়। তবে পুলিশ বলেছে, সে ভারতবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল।
আজ শনিবার শ্রীনগরের 'শহিদি গোরস্তানে' তাকে দাফন করার সময় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ও আধা সামরিক বাহিনীর সৈন্যরা কাদানে গ্যাস নিক্ষেপ করে।
পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, বিক্ষোভ যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা কারফিউ জারিসহ সম্ভব সব ব্যবস্থা গ্রহণ করেছি। দাফনে অংশ নেয়া ক্রুদ্ধ মুসুল্লিরা মিছিল করে স্লোগান দেয় ‌'আমরা স্বাধীনতা চাই', 'ভারত তুমি ফিরে যাও, ফিরে যাও।'
শুক্রবারের বিক্ষোভের সময় সৃষ্টি সহিংসতায় অর্ধ শতাধিক লোক আহত হয়। গত প্রায় চার মাস ধরে কাশ্মিরে সহিংসতা চলছে। এতে অন্তত ৯০ জন নিহত এবং ১২ হাজার আহত হয়েছে। এদের বেশির ভাগই তরুণ বিক্ষোভকারী। এছাড়া হাজার হাজার লোককে আটক করা হয়েছে। ৮ জুলাই এক জনপ্রিয় নেতাকে হত্যা করার পর সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
>>>নয়া দিগন্ত অনলাইন

No comments:

Post a Comment