Monday, October 17, 2016

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যায় মামলা

শরীয়তপুরের গোসাইরহাট বাজারের মিত্রসেনপট্রি এলাকায় এক যুবককে ডেকে নিয়ে মোবাইল চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহতের বাবা সবুজ সরদার বাদী হয়ে ছয়জনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। আসামিরা হলেন- আ. সালাম পেদা, বাপ্পি পেদা, আল আমিন পেদা, ফারুক হোসেন, আবুল বেপারী,ও জাহাঙ্গীর পেদা। লাশ ময়না তদন্ত শেষে বাদ এশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মামলার তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা সবুজ সরদার।
গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্র জানায়, ফিরোজ সরদারকে (১৮) গোসাইরহাট দাসের জংগল বাজারের সুমাইয়া আবাসিক হোটেলের মালিক আ. সালাম পেদা শনিবার রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ফিরোজের বাবা সবুজ সরদার বাদী হয়ে ছয়জনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পর পর সালাম পেদার ছেলে বাপ্পি পেদাকে গ্রেফতার করলেও গত ২৪ ঘণ্টায় মূলহোতাসহ কাউকে গ্রেফতার করতে পারেনি। ময়না তদন্ত শেষে ফিরোজের লাশ রোববার বাদ এশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ফিরোজ সরদারের বাবা সবুজ সরদার বলেন, আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আবার আমাকে মামলা নিয়ে সামনে এগোতে নিষেধ করছে। আমি আমার ছেলে হত্যার সুষ্টু বিচার চাই। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment