Monday, October 17, 2016

'জাহিদুল ছিলেন সৎ ও দক্ষ কর্মকর্তা'

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে জাতি এক দক্ষ কর্মকর্তাকে হারাল। জাহিদুল ইসলামের মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার ব্যাচমেট ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব ড. হারুন-অর রশিদ বিশ্বাস যুগান্তরের কাছে এ মন্তব্য করেন। উল্লেখ্য, সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় টাস্কফোর্সের সভা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (আইডি-৫৯৮৯)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জাহিদুল ইসলামের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সুখতাইল গ্রামে। ১৯৬৮ সালের ২৫ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের এপ্রিলে ত্রয়োদশ বিসিএসের (প্রশাসন) মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।
এরপর পিরোজপুরের ভাণ্ডারিয়া, ঝিনাইদহের মহেশপুর, সাতক্ষীরার শ্যামনগর ও বাগেরহাটের কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাহিদুল ইসলাম খুলনার এডিসি ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি চাঁপাইনবাবগঞ্চের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ত্রয়োদশ বিসিএস প্রশাসন ওয়েল ফেয়ার অ্যাসেসিয়েশন। সংগঠনের সভাপতি হারুন-অর রশিদ যুগান্তরকে জানান, জাহিদুল অত্যন্ত সৎ, মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। যোগ্যতা দিয়েই তিনি জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছিলেন। সেখানে তিনি নিজের দক্ষতার ছাপ রেখেছেন। এমন একজন গুণী মানুষের মৃত্যুতে জাতি তার সেবা থেকে বঞ্চিত হল। এরআগে জাহিদুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের এনডিসি আল- ইমরান জানান, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যান। সেখানে অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment