মেহেরপুর
গাংনী উপজেলা শহরের পশ্চিম মালসাদহ-ঈদগাহ সড়কে মধ্যরাতে একটি শক্তিশালী
বোমা ফাটিয়ে পালিয়েছে দুই যুবক বলে খবর পাওয়া গেছে। বুধবার রাতে ১১টার দিকে
গাংনী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা
হয়েছে। স্থানীয় চা বিক্রেতা মিলন হোসেন জানান, দোকান বন্ধ করে তিনিসহ
কয়েকজন একসঙ্গে গোরস্থানপাড়ায় নিজ নিজ বাসায় ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া
প্রধান সড়কের পাশে অবস্থিত আখ সেন্টারের অনতিদূরে পশ্চিম দিক থেকে দুই যুবক
ব্যাগ হাতে ঈদগাহ সড়কে আসছিল।
তিনি
অচেনা দুই যুবকদের পরিচয় জানতে চাইলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।
পথচারীরাও তাদের পিছু নেন। এসময় পর পর তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়
ওই দুই যুবক। তিনটির মধ্যে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার শব্দে
আশপাশের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে
বিস্ফোরিত বোমার আলামত ও অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার করে। গাংনী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পালিয়ে যাওয়া দুই যুবকের
পরিচয় বের করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

No comments:
Post a Comment