Saturday, October 8, 2016

রুনা লায়লার সম্মানে গাইবেন কোনাল

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি গায়িকা রুনা লায়লাকে সম্মাননা জানাতে যাচ্ছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ। সংগীতে অসামান্য অবদানের জন্য তাঁকে এই সম্মাননা জানানো হচ্ছে। আগামী ৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে গুণী এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সেদিন সন্ধ্যায় রুনা লায়লার সম্মানে গান গাইবেন এ প্রজন্মের গায়িকা কোনাল। রুনা লায়লা বর্তমানে লন্ডনে আছেন। মেয়ে তানি লায়লার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই শিল্পী। মুঠোফোনে সেখান থেকে গত বুধবার বিকেলে প্রথম আলোকে রুনা লায়লা বলেন, ‘সম্মাননা পেতে খুব ভালো লাগে। এটাও তেমনই একটা আনন্দ। আর সম্মাননা কাজের গতিও কয়েক গুণ বাড়িয়ে দেয়।’
গানে গানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনের সম্মানে একজন শিল্পী গান গেয়ে থাকেন। রুনা লায়লা বলেন, ‘আমার গানগুলো গাওয়ার ব্যাপারটি যখন এল, তখন অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছে আমি কোনালের নাম প্রস্তাব করি। আমি মনে করেছি, এ প্রজন্মের মধ্যে সে আমার গানগুলো সুন্দরভাবে গাইতে পারবে।’ রুনা লায়লার সম্মানে তাঁর সামনে গান গাইতে পারার ব্যাপারকে অনেক বেশি সম্মানজনক মনে করছেন কোনাল। তিনি বলেন, ‘ম্যাডাম রুনা লায়লা আমার আদর্শ। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর গান গেয়ে থাকি। শ্রোতারা কিন্তু তাঁর গানগুলো তাঁরই কণ্ঠে শুনে অভ্যস্ত। এবার যেটা হতে যাচ্ছে, তাঁরই সামনে তাঁর সম্মানে গানগুলো গাইতে হবে! ব্যাপারটা অনেকে বেশি সম্মানের আর অনুপ্রেরণার যেমন, ঠিক তেমনি অনেক বেশি ভয়ের। তবে ম্যাডাম যে মনে করেছেন তাঁর গাওয়া গানগুলো গেয়ে আমি তাঁর সম্মান রাখতে পারব, এটাই আমার পরম পাওয়া।’ সিটিব্যাংক এনএ বাংলাদেশ-এর আয়োজনে গানে গানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের এটি ১৩তম আসর। ২০০৪ সালে নীলুফার ইয়াসমীনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে এটি প্রবর্তিত হয়। গত বছর এ সম্মাননা জানানো হয় মিতালী মুখার্জিকে।

No comments:

Post a Comment