Saturday, October 8, 2016

গাজীপুর ও টাঙ্গাইলে ৪ ‘জঙ্গি’ নিহত

গাজীপুর ও টাঙ্গাইলে তিনটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ শনিবার সকাল থেকে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে। এসব অভিযানে সন্দেহভাজন চারজন জঙ্গি নিহত হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। এর মধ্যে দুজন গাজীপুরে ও দুজন টাঙ্গাইলে নিহত হয়। গাজীপুরে অভিযানে নিহত দুজনের পরিচয় জানিয়েছে র‍্যাব। আজ শনিবার বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, তাঁরা হলেন রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। ওই বাড়ির মালিকের কাছ থেকে তাঁদের নাম জানা গেছে। তাঁদের বাড়ি নরসিংদীতে। টাঙ্গাইলে নিহত ‘জঙ্গিদের’ পরিচয় জানা যায়নি। সংবাদ সম্মেলনে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি একে টোয়েন্টি টু আর তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ সকাল থেকে গাজীপুরের হারিনালের পশ্চিমপাড়া ও পাতারটেকের দুটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বেলা পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম ব্রিফিং করেন। তিনি বলেন, হারিনালের পাতারটেক এলাকার ওসমান আলী নামের এক ব্যক্তির বাসার দ্বিতীয় তলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে তাঁরা সকাল ১০টার দিকে অভিযান শুরু করেন। এ সময় পুলিশ ওই বাসায় থাকা সবাইকে আত্মসমর্পণ করতে বলে। ‘জঙ্গিরা’ ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ওই বাসার নিচতলার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নিউ জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। সকালে র‍্যাব-১-এর গাজীপুর অঞ্চলের কমান্ডার মহিউল ইসলাম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম আকাশ। আনুমানিক বয়স ২০ বছর। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার।
দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র মুফতি মাহমুদ খান নিহত দুজনের একজন রাশেদ ও আরেকজন তৌহিদুল বলে জানান। সকালে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, পশ্চিমপাড়ার বাড়িটি আতাউর রহমান নামের এক ব্যক্তির। এদিকে টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। র‍্যাব বলছে, সেখানে দুজন ‘জঙ্গি’ নিহত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সকাল ১০টার দিকে ওই অভিযান শুরু হয়। নিহত দুজনের পরিচয় জানা যায়নি। র‍্যাব-১২-এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটিতে অভিযান চালানো হয়। ভেতরে ঢোকার পর এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করতে গেলে ধস্তাধস্তি হয়। এ সময় অন্য ‘জঙ্গিরা’ র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা চালায়। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন ‘জঙ্গি’ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

No comments:

Post a Comment