Tuesday, October 18, 2016

‘টেস্ট খেলাটা স্বপ্নের মতো’

যে মাঠে আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক, সেই মাঠেই টেস্ট অভিষেক হতে যাচ্ছে সাব্বির রহমানের। ২০১৪ সালের ফেব্র“য়ারিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় সাব্বিরের। একই মাঠে সেই বছরের নভেম্বরে দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। আবারও সেই মাঠেই ২০ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষিক্ত হতে পারেন সাব্বির। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, শুধু ব্যাটিং বিবেচনায় নেয়া হয়েছে সাব্বিরকে। তাকে একাদশে খেলানোর জায়গাও খুঁজছেন কোচ। তবে সোমবার টিম হোটেল র‌্যাডিসনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানালেন, ‘সুযোগ পেলে অবদান রাখতে চাই বল হাতেও। আমি সব সময়ই বোলিং করার ব্যাপারে আগ্রহী। ওয়ানডে, টি ২০, টেস্ট, যেটাই হোক না কেন।
চেষ্টা করে যাচ্ছি, বোলিংয়ে আরও ভালো করার জন্য। নিয়মিত বোলার হওয়ারও ইচ্ছা আছে আমার। অধিনায়ক যদি আমাকে বোলিংয়ে আনেন, অবশ্যই শতভাগ দেয়ার চেষ্টা করব।’ টেস্ট দলে ডাক পাওয়া প্রসঙ্গে সাব্বির বলেন, ‘টেস্ট খেলাটা স্বপ্নের মতো। আমারও স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটার হব। আমার পরিবারও অনেক খুশি যে, আমি টেস্ট দলে ডাক পেয়েছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল টেস্ট খেলার। কিন্তু টেস্ট তো হুট করে খেলা যায় না। ধাপে ধাপে এগোনোর চেষ্টা করেছি। প্রথমে টি ২০ এবং পরে ওয়ানডে খেলেছি। এখন টেস্টেও ইনশাআল্লাহ একইভাবে খেলব।’ টেস্টে সুযোগ পেলে কি বল করবেন এমন প্রশ্নে সাব্বির জানালেন, ‘শুধু লেগ স্পিনে বেশি কিছু করতে পারছিলাম না। আমার তো গুগলি বা সেরকম কোনো অস্ত্র নেই। তাই বোলিংয়ে আরও অবদান রাখতেই অফ-স্পিনটা শিখেছি। অনেক প্র্যাকটিস করেছি, যাতে অপশন বেশি থাকে। ডান-হাতি ব্যাটসম্যানের জন্য লেগ-স্পিনই করব। বাঁ-হাতি এলে অফ-স্পিন কিংবা দুটি মিশিয়ে করব যাতে ব্যাটসম্যানকে দ্বিধায় ফেলা যায়।’ টি ২০ ও ওয়ানডের পর এবার টেস্টে খেলবেন,
মানসিকভাবে আপনি কী প্রস্তুত? জবাবে সাব্বির বলেন, ‘সব কিছুই মনের ব্যাপার। টি ২০-তে একরকম, ওয়ানডেতে আরেকরকম, টেস্টে অন্যরকম মানসিকতা থাকে। সময় নিয়ে খেলা দরকার, ওয়ানডেতে এটাই ভাবতাম। আবার টি ২০-র আগে ‘বল টু বল’ খেলার প্রস্তুতি নিতাম।’ তিনি বলেন, ‘টেস্টে চেষ্টা করব প্রতিটা বল দেখে খেলার। আমি এ নিয়ে একা মাঠের বাইরে অনুশীলন করেছি। অনেক সময় নিয়ে চিন্তা-ভাবনা করেছি কিভাবে টেস্ট ম্যাচ খেলা যায়। কিভাবে ভালো কিছু করা যায়। সব কিছু মানসিকতার ওপর নির্ভর করে।’ সব ধরনের ক্রিকেটের খেলোয়াড় হয়ে উঠতে চান সাব্বির। বলেন, ‘প্রথমে সবাই ভাবত আমি বুঝি টি ২০ খেলোয়াড়। ওয়ানডে বা টেস্টে খেলতে পারব না। কিন্তু প্রমাণ করেছি যে, ওয়ানডেও আমি খেলতে পারি। টেস্ট দলে সুযোগ পেয়েছি, খেললে এই সংস্করণে আমার অভিষেক হবে। চেষ্টা করব, তিনটি ফরম্যাটেই যেন আমি একইভাবে খেলতে পারি।’

No comments:

Post a Comment