যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল
মেনে না নেয়ার ব্যাপারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে আভাস
দিয়েছেন, তাকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে ডেমোক্রেটিক
প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী সমাবেশে ওবামা বলেন,
নির্বাচনে হেরে গেলে ট্রাম্প ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুললে তা হবে
‘বিপজ্জনক’। এদিকে ট্রাম্পের এ মন্তব্যের জবাব দিয়ে মার্কিন অ্যাটর্নি
জেনারেল লরেত্তা লিন্স বলেন, নির্বাচনে কারচুপি হওয়ার কোনো প্রশ্নই আসে না।
খবর এএফপি ও রয়টার্সের। বুধবার রাতে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে
অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ বিতর্কে অংশ নেন
হিলারি ও ট্রাম্প।
ওই বিতর্কে সঞ্চালক ক্রিস ওয়ালেস ট্রাম্প নির্বাচনের ফল
মেনে নেবেন কিনা, সে বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, সময় এলেই বলব। আমি
আপনাদের এখন উত্তেজনার মধ্যে রাখতে চাই। এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার
ওহাইও অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, জিতে গেলে
ঐতিহাসিক এই নির্বাচনের ফল তিনি মেনে নেবেন। কিন্তু ফলাফল প্রশ্নবিদ্ধ হলে
তিনি আইনি ব্যবস্থাও নিতে পারেন। ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা
মানে গণতন্ত্রকে হেয় করা। ওবামা বলেন, মার্কিন ইতিহাসে ট্রাম্প
সংখ্যাগরিষ্ঠ দলের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি নির্বাচনের
স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন। এটাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ওবামা আরও
বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থা নিয়ে জনগণের মনে সন্দেহ বপন করার
মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শত্র“দেরই উসকানি দিচ্ছেন ট্রাম্প। এদিকে,
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের ভোট কারচুপির ফাঁদে পা না
দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। মিয়ামির সমাবেশে মিশেল বলেন,
ট্রাম্প ভোটারদের হতাশ করার চেষ্টা করছেন। এটা বোঝানোর চেষ্টা করছেন, তাদের
ভোট কোনো কাজে লাগবে না। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে ভোটারদের।
এদিকে
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচন কারচুপি হওয়ার যে অভিযোগ
করেছেন তা নাকচ করে দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিন্স। তিনি
বলেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন
নির্বাচনে কারচুপি করার কোনো প্রশ্নই আসে না। বৃহস্পতিবার ট্রাম্পের
নির্বাচন কারচুপি ইস্যুতে মন্তব্যের পর জর্জিয়ার শহর রোমে এ কথা বলেন শীর্ষ
মার্কিন এ বিচারিক কর্মকর্তা। লরেত্তা বলেন, ভোট কারচুপি হওয়ার বিষয়ে
চিন্তা করার কোনো ধরনের সুযোগ নেই। কারণ এতে ভুল ব্যালট গণনার সুযোগ থাকে।
এবার ওবামার ই-মেইল প্রকাশ করল উইকিলিকস : বারাক ওবামার ব্যবহৃত গোপন
অ্যাকাউন্ট থেকে পাঠানো ও তার সম্পর্কিত ই-মেইলের প্রথম দফা প্রকাশ করেছে
উইকিলিকস। সেই সঙ্গে ওবামার গোপন ই-মেইল ঠিকানাটিও প্রকাশ করা হয়। ২০০৮
সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ওবামা এটি ব্যবহার করতেন
বলে জানায়, তথ্য ফাঁসকারী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। প্রকাশিত ই-মেইলে
ওবামার সাবেক নির্বাচনী উপদেষ্টা জন পোডেস্টার সঙ্গে নির্বাচনের আগের
কয়েকদিনের কথোপকথন রয়েছে। এছাড়া নির্বাচনের রাতে ফলাফল প্রকাশের কয়েক মিনিট
আগে ওবামাকে পাঠানো পোডেস্টার একটি মেইলও প্রকাশ করা হয়। সে রাতে ওবামাকে
একটি অনুষ্ঠানে যোগ না দেয়ার পরামর্শ দেন পোডেস্টা। বর্তমানে হিলারির
নির্বাচনী উপদেষ্টা হিসেবে কাজ করা পোডেস্টার কয়েক দফা ই-মেইল প্রকাশ করেছে
উইকিলিকস।

No comments:
Post a Comment