Tuesday, October 18, 2016

হিটলারের জন্ম যে বাড়িতে তা ভেঙে ফেলা হবে

অস্ট্রিয়ায় যে বাড়িটিতে নাৎসি জার্মানির নেতা এডলফ হিটলারের জন্ম হয়েছিল- তা ভেঙে ফেলা হবে। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, তারা উদ্বিগ্ন যে এই বাড়িটি নব্য নাৎসিদের একটি তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে, এবং তারপর এটি ভেঙে ফেলে একটি নতুন ভবন গড়ে তোলা হবে। অস্ট্রিয়া-জার্মানি সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়। স্থানীয়রা বলেন, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসি বা হিটলার-ভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন।
কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয়নি। তিনতলা বাড়িটির বর্তমান মালিক গারলিন্ড পোমার নামে এক নারী। তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে। এতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে। ভবনটি নিয়ে কি করা হবে এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। অনেকে বলেন, এখানে শরণার্থী কেন্দ্র বানানো হোক, অন্যরা চেয়েছিলেন একে একটি জাদুঘরে পরিণত করতে। তবে এর মালিক বাড়িটি বিক্রি করতে অস্বীকার করলে ব্যাপারটি জটিল হয়ে ওঠে।
সূত্র: বিবিসি বাংলা।

No comments:

Post a Comment