Tuesday, October 18, 2016

নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে গৃহবধূর মৃত্যু

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট মাথায় পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে মহানগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম আলো ঘোষ (২৫)। তিনি একই এলাকার প্রকাশ ঘোষের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাজারহাতা এলাকার আব্দুল খালেকের নির্মাণাধীন বহুতল ভবনের পার্শ্ববর্তী বাড়ির গৃহবধূ তার ছেলেকে খুঁজতে ভবনটির সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে ২০ থেকে ২৫টি ইট আকস্মিকভাবে গৃহবধূ আলো ঘোষের মাথার ওপরে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলো ঘোষকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু বকর সিদ্দিক কিনু যুগান্তরকে বলেন, বহুতল এই ভবনটি দীর্ঘদিন ধরে নির্মাণ করা হলেও নিরাপত্তা বেষ্টনী নেই। এর আগেও ভবন থেকে ইট পড়ে কয়েকজন পথচারী আহত হয়। সোমবার রাতে আলো শেষ পর্যন্ত মারা গেছেন। তিনি ভবন মালিকের বিরুদ্ধে মামলা করা হবে জানান। স্থানীয়রা আরো জানান, ওই বহুতল ভবনের চারদিকেই ফাঁকা এবং অরক্ষিত। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভবন নির্মাণের মালামাল। ইট, খোয়া ও সাটারিং কাঠ পড়ে থাকায় পথচারীরা চলাচল করতে পারে না। এলাকাবাসী এর আগে পুলিশে অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।   ভবনটির মালিক হচ্ছেন আব্দুল খালেকের ভাই ভাই শামিম জানান, আব্দুল খালেক সোমবার বিকালে ঢাকায় গেছেন। এ বিষয়ে কোনো কথা বলতে পারবেন না বলে তিনি জানান। তবে এলাকাবাসী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভবন মালিক গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে ভেতরে ভেতরে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করছেন।

No comments:

Post a Comment