চট্টগ্রাম টেস্টের শেষদিনের সমীকরণটা খুবই
কঠিন হয়ে গেল। চতুর্থদিনে ১১ রানের মধ্যে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে এই
অবস্থা তৈরি করেছে। নবম উইকেটে তাইজুলের সঙ্গে সাব্বিরের অবিচ্ছিন্ন ১৫
রানের জুটি এখনও আশা জাগিয়ে রেখেছে। তাই দিন শেষে সংবাদ সম্মেলনে এসে
টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আশার বাণী শোনালেন। বলেন, ‘এখনও
আমাদের সম্ভাবনা আছে। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।
আমি অনেক
প্রতিযোগিতাপূর্ণ টেস্ট ম্যাচ দেখেছি। তার মধ্যে এটিকেও অন্যতম সেরা ম্যাচ
হিসেবে রাখব। এই উইকেটে খেলা অনেক কঠিন। কিন্তু আমার ছেলেরা দুর্দান্ত
খেলেছে। বিশেষ করে সাব্বির প্রচণ্ড চাপের মধ্যেও অসম্ভব ভালো খেলেছে। এছাড়া
মুশফিক, ইমরুল ও তামিম খুব ভালো ইনিংস খেলেছে।’ টেস্টে জিততে হলে
প্রতিপক্ষের ২০ উইকেট নেয়া অত্যাবশ্যক। কিন্তু বাংলাদেশের বোলারদের সেই
সামর্থ্য আছে কি না, প্রশ্নটা ঘুরেফিরে এসেছিল চট্টগ্রাম টেস্টের আগে। আর
প্রশ্নটা তুললেন খোদ হাথুরুসিংহে। হয়তো অতীত রেকর্ড আর পরিসংখ্যানের দিকে
তাকিয়েই এমন প্রশ্ন কোচের। তবে ক্রিকেটাররা মাঠেই কোচের কথা মিথ্যা প্রমাণ
করেছেন। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুবই সন্তুষ্ট।
তারা ২০ উইকেট তুলে নিয়েছে। চতুর্থদিন পর্যন্ত আমরা ম্যাচে আছি। এটা বিরাট
পাওয়া।’ ইংল্যান্ডের বিপক্ষে এ টেস্টে জেতা যাবে তো? এমন প্রশ্নের জবাবে
হাতুরুসিংহে বলেন, ‘সবাই জিততে চায়। এখনও আমাদের দুটি উইকেট আছে। পঞ্চমদিন
সকালে বলের মেরিট অনুযায়ী খেলতে পারলে জেতাটা আমাদের জন্য খুব বেশি কঠিন
হবে না।’ ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে টাইগাররা এভাবে চেপে রাখতে
পেরেছে,
কোচ হিসেবে কেমন লাগছে? জবাবে হাথুরুসিংহে বলেন, ‘এটা খুব ভালো
একটা টেস্ট হচ্ছে। ছেলেরা সবাই দাপটের সঙ্গে খেলছে। এই কঠিন উইকেটে আমরা
এখনও ম্যাচে আছি। এটা অনেক বড় ব্যাপার। এতে আমি খুবই খুশি।’ ম্যাচ নিয়ে
কোচর অভিমত, ‘আমাদের চ্যালেঞ্জ সোমবার ম্যাচের পঞ্চমদিনে ব্যাটিংয়ে নেমে
যতক্ষণ সম্ভব সময় কাটানো। আর এই কাজটা করতে পারলে আমরা জিততে পারব।’
হাথুরুসিংহে মনে করেন, ম্যাচের ১০-১৫ ওভারের মধ্যেই ফল চলে আসবে। ক্রিজে
বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আছেন কেবলমাত্র সাব্বির রহমান। ৫৯ রানে
অপরাজিত তিনি। তার সঙ্গে ১১ রান নিয়ে ব্যাট করছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল
ইসলাম। শেষ ব্যাটসম্যান পেসার শফিউল ইসলাম। পঞ্চমদিনের সকালের শুরুতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাইজুলকে। সাব্বিরকে সঙ্গ দিতে ক্রিজ আঁকড়ে
থাকতে হবে এই স্পিনারকে। হাথুরুসিংহে অবশ্য তাইজুলকে প্রথম ১০-১৫ বল
দেখেশুনে খেলার পরামর্শ দিলেন, ‘তাইজুলকে ১০-১৫ বল দেখেশুনে খেলতে হবে।
আমাদের সামনে সুযোগ আছে পুরো ৯০ ওভার ব্যাটিং করার।’

No comments:
Post a Comment