Saturday, October 1, 2016

সৈয়দ হকের প্রয়াণে লস অ্যাঞ্জেলেসপ্রবাসীদের শোক

সৈয়দ শামসুল হক
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণে লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের অনেকে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। বিদ্যাপ্রকাশের অধিকারী ও মুক্তিযোদ্ধা মজিবর রহমান (খোকা) বলেন, সৈয়দ শামসুল হক সম্পর্কে বলতে গেলে কোথা থেকে শুরু এবং কোথায় শেষ করব বুঝতে পারছি না। বিদ্যাপ্রকাশ থেকে সৈয়দ শামসুল হকের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তিনি ছিলেন মূলত লেখকদের লেখক। সৈয়দ হক পাঠককে এমনভাবে আকৃষ্ট করতেন যে, তাঁদের তিনি কোথায় নিয়ে যাচ্ছেন পাঠক তা বুঝতে পারতেন না। বাংলা সাহিত্যে এমন বিরল প্রতিভাধর লেখক আর একজনও নেই। রাজনীতিক, কলাম লেখক ও ব্যবসায়ী শামছুল ইসলাম বলেন, আমি তিনবার জন্মগ্রহণ করলেও সৈয়দ শামসুল হক হতে পারব না।
জাগো বাহে কোনঠে সবাইয়ের লেখক সৈয়দ শামসুল হক ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক। তাঁর মৃত্যুতে দেশ এক অমূল্য সম্পদ হারাল। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক ও কবি ফিরোজ আলম সৈয়দ শামসুল হকের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভাধর লেখক। কবি জাহাঙ্গীর আলম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পর সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যকে উচ্চপর্যায়ে নিয়ে গেছেন। গীতিকার, সুরকার, শিল্পী ও চিকিৎ​সক নাসির আহমেদ (অপু) বলেন, শুরু থেকেই তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী লেখক। তাঁর বিখ্যাত বই খেলারাম খেলে যা-র সঙ্গে আমি ১৯৭০ সাল থেকেই পরিচিত। তাঁর সমসাময়িক শামসুর রাহমান, ফজল সাহাবুদ্দিন, শহীদ কাদরী ও আবুল হাসান প্রমুখ থেকে তাঁর লেখা ছিল ব্যতিক্রম। ১৯৭৮ ও ১৯৮১ বিটিভিতে তাঁর দুটি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম।
লেখক তপন দেবনাথ কবির আত্মার শান্তি কামনা করে বলেন, সৈয়দ শামসুল হক ছিলেন নিবেদিতপ্রাণ লেখক। তাঁর জীবনের একমাত্র ব্রত ছিল লেখালেখি। যার কারণে তিনি পাঠকদের অসামান্য সব লেখা উপহার দিতে পেরেছেন। পাঠকদের সঙ্গে তিনি যেভাবে একাত্ম হয়ে যেতেন অন্য লেখকদের মধ্যে তা দেখা যায় না। আরও যাঁরা শোক প্রকাশ করেছেন তারা হলেন, কমিউনিটি নেতা মনিনুল হক (বাচ্চু), বাংলাদেশের কুটির শিল্প গবেষক শাহজাহান বাবুল, শিল্পী কৃষ্ণা পাল, সাহিত্যানুরাগী শামীম রেজা, কামরুল হাসান, রাজনীতিক সাহানা পারভিন, রাজনীতিক জামাল হোসেইন, রাজনীতিক ও লেখক সাইফুল আলম চৌধুরী, সাংবাদিক জাহান হাসান, মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ (জামি), শিল্পী উপমা সাহা মজুমদার, শিব নারায়ণ দাস, মাসুমা সুলতানা আলম ও দেবব্রত গোস্বামী প্রমুখ। আগামী ৯ অক্টোবর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে বিদ্যাপ্রকাশের আয়োজনে সৈয়দ শামসুল হক স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment