![]() |
| চট্টগ্রামে ছেলে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন মা সমিত রানী ধর -যুগান্তর |
চট্টগ্রামে জুয়েলারি ব্যবসায়ী অঞ্জন ধরের
হত্যাকারী কতজন! এ নিয়ে চলছে নানা মতবিরোধ। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর
হাকিম হারুন অর রশিদের আদালতে ১৬৪ ধারায় অঞ্জন ধরকে হত্যার দায় স্বীকার করে
জবানবন্দি দেয় শ্যালক বাবুল ধর। স্বীকারোক্তিতে সে বলেছিল, নিজেই অঞ্জনকে
খুন করে লাশ বস্তায় ঢুকিয়েছে। শুক্রবার নিহতের মা সমিত রানী ধর অভিযোগ
করেছেন, টাকার লোভে ও স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ার কারণে তার ছেলে অঞ্জনকে
খুন করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে অঞ্জনের শ্যালক বাবুল ধর ছাড়াও স্ত্রী
প্রিয়াংকা ধর ও তার (প্রিয়াংকার) কথিত প্রেমিকসহ চারজন অংশ নেয়। অন্যদিকে
পুলিশ বলছে, প্রাথমিকভাবে খুনি হিসেবে একজনকে শনাক্ত করা হয়েছে। এদিকে
জুয়েলারি ব্যবসায়ী অঞ্জন ধরের স্ত্রী ও জড়িত অন্যদের খুনের দায় থেকে রক্ষা
করার অভিযোগ তুলেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার দুপুরে তারা
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন থেকে সব হত্যাকারীকে
গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। শুক্রবার নিহতের মা সমিতা
রানী ধর অভিযোগ করেন, স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়া এবং সম্পদ হাতিয়ে নেয়ার
জন্যই তার ছেলে অঞ্জনকে খুন করা হয়েছে। এতে মূল পরিকল্পনাকারী হিসেবে ছিল
অঞ্জনের স্ত্রী প্রিয়াংকা ধর। এ হত্যাকাণ্ডে গ্রেফতার শ্যালক বাবুল ধরের
সঙ্গে প্রিয়াংকার সাবেক প্রেমিক জুয়েল এবং রানা ধর নামে এক ব্যক্তি জড়িত।
অপর তিনজনকে এখনও গ্রেফতার করা হয়নি।
কোতোয়ালি থানায় স্ত্রী প্রিয়াংকা ধর,
প্রিয়াংকার কথিত প্রেমিক জুয়েল ও রানা ধরের বিরুদ্ধে আশীষ কুমার দে নামে
তার এক মেয়ের জামাতা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। কোতোয়ালি থানার
ইন্সপেক্টর (তদন্ত) নূর মোহাম্মদ যুগান্তরকে বলেন, অঞ্জন খুনের ঘটনায় তার
শ্যালক বাবুল ধর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি
দিয়েছে। এতে সে নিজেই এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলেও জানায়। তারপরও এ
হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তদন্তে যদি আর কারও নাম আসে তাদেরকেও অভিযোগপত্রে
আসামি করা হবে। বিচারের দাবিতে মানববন্ধন : শুক্রবার সকালে নিহত অঞ্জন
ধরের হত্যাকারীদের বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন
কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে নিহতের স্বজনরাসহ টেরিবাজার,
আন্দরকিল্লাহ এবং হাজারি গলির জুয়েলারি ব্যবসায়ী ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন চসিক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল
দাশ সুমন, নিহতের মা সমিতা রানী ধর। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্ত্রী
প্রিয়ংকা ধর এবং শ্যালক বাবুল ধর, কথিত প্রেমিক জুয়েল ও রানা ধরকে
হত্যাকারী উল্লেখ করে তাদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়া হয়। বক্তারা এ
চারজনকে হত্যাকারী উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

No comments:
Post a Comment