Wednesday, October 26, 2016

আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নানা অপকর্মে জড়িত থেকে দলীয় শৃংখলা ভঙ্গ, ছাত্রলীগের ভাবমুর্তি ক্ষুণ্ণের অভিযোগে শাখা সভাপতি বেনজির আহমেদকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এ নির্দেশ মঙ্গলবার রাত ৯টার পর বগুড়ায় পৌঁছে।
জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগামী সাতদিনের মধ্যে নতুন করে কলেজ কমিটি করতে বলা হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, কলেজ শাখার সভাপতি বেনজির আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠন বিরোধী নানা কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে। তার ভাইয়ের কারণেই গত ২৯ সেপ্টেম্বর শহরের ফুলবাড়ি এলাকার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেন সবুজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রধান আসামী ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু গত ২৫ দিনে গ্রেফতার হয়নি। ওইদিন বেনজির ও তার সমর্থকরা স্টেশন এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও তার মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এদিকে ছাত্রলীগ কলেজ শাখা সভাপতি বেনজির আহমেদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠনের ভাবমুর্তি ক্ষুণ্ণের নানা অভিযোগ ওঠে। কেন্দ্রীয় কমিটি বিষয়টি জানতে পেরে তাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার ও কলেজ শাখা বিলুপ্ত ঘোষণা করে। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত চিঠি জেলা ছাত্রলীগ সভাপতির কাছে আসে।

No comments:

Post a Comment