Saturday, October 1, 2016

বদলার আশঙ্কা ভারতের

পাকিস্তান সীমান্তের কাছে একটি বাংকারে সতর্ক
অবস্থানে এক ভারতীয় সেনা। ছবি: রয়টার্স
পাকিস্তান থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ভারত। এই আশঙ্কা থেকে গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর পাল্টা হামলার আশঙ্কা করা হয়েছে। কৌশলগত স্থান, শিল্প অবকাঠামো, জনবহুল স্থান, বিমানবন্দর, ঐতিহাসিক স্থাপনা, সরকারি ভবনে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গোয়েন্দা সূত্রের ভাষ্য, ভারতে প্রতিশোধমূলক সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এই হামলার দিকনির্দেশনা সন্ত্রাসীদের দিয়ে থাকতে পারে। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কথিত সন্ত্রাসী ঘাঁটিতে দিন কয়েক আগে ভারতীয় সেনারা ‘সার্জিক্যাল হামলা’ চালানোর দাবি করে। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সংঘাতের আশঙ্কায় সীমান্তের উভয় পাশের লোকজন নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে।

No comments:

Post a Comment