যুক্তরাষ্ট্রের
আরিজোনা রাজ্যে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণায় নামছেন ফার্স্ট লেডি
মিশেল ওবামা, হিলারির মেয়ে চেলসি ক্লিনটন ও সিনেটর বার্নি স্যান্ডার্স।
বৃহস্পতিবার আ রাজ্যে নির্বাচনী প্রচারণা চালাবেন মিশেল ওবামা। আজ মঙ্গলবার
আরিজোনার ফ্লাগস্টাফ ও টুকসনে দুটি নির্বাচনী র্যালিতে অংশ নেবেন বার্নি
স্যান্ডার্স। বুধবার আরিজোনা স্টেট ইউনিভার্সিটির টেম্পে’তে র্যালি করবেন
চেলসি ক্লিনটন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, হিলারি
ক্লিনটনের নির্বাচনী প্রচারণা শিবির থেকে সোমবার এ ঘোষণা দেয়া হয়েছে। বলা
হয়েছে, এ সময়ে তারা টেলিভিশন বিজ্ঞাপনের পিছনে অনেক বেশি খরচ করবে এবং এ
সপ্তাহে ভোটারদের কাছে সরাসরি মেইল পাঠানো হবে। হিলারি ক্লিনটনের প্রচারণা
বিষয়ক ম্যানেজার রবি মুক সাংবাদিকদের বলেছেন, তারা আরিজোনায় টেলিভিশন
বিজ্ঞাপন ও মেইল খাতে ব্যায় করবেন ২০ লাখ ডলার। ওদিকে মঙ্গলবার বার্নি
স্যান্ডার্স যে দুটি র্যালিতে যোগ দেবেন তাতে যুব সমাজের ভিতর বড় ধরনের
প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ১৯৯৬ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট
প্রার্থী বিল ক্লিনটনের সময় থেকে এ রাজ্য কোনো ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট
দিয়ে বিজয়ী করে নি। তাই হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির এ রাজ্যের দিকে
জোর দৃষ্টি নিবদ্ধ করেছে।
>>>মানবজমিন

No comments:
Post a Comment