ফেসবুকে আলাপের সূত্র ধরে ২১ বছরের যুবকের প্রেমে পড়ে গিয়েছিল ১৭ বছরের মেয়েটা। পেয়ে ছিল বিয়ের প্রতিশ্রুতিও। কিন্তু ভার্চুয়াল জগতের সেই প্রতিশ্রুতিই বদলে গেল বাস্তবে এসে। প্রথমে ধর্ষণ, তারপর ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ায় তাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছে বলে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে কিশোরী। খবর আনন্দবাজার পত্রিকার। ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। এ ঘটনাই আবার সবাইকে সোশ্যাল মিডিয়ায় ওঁৎ পেতে থাকা বিপদের দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পুনের ভারতী বিদ্যাপীঠ থানার পুলিশ জানিয়েছে, অভিযু্ক্ত যুবক পুনের ধয়ারি এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থার কর্মী।
এ বছর জানুয়ারি মাসেই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দু’জনের। ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর থেকে মাঝে মাঝেই চলতে থাকে চ্যাট। এইভাবেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে পুনে আসতে বলে অভিযুক্ত যুবক। কথামতো মেয়েটি পুনে এলে তাকে কাটরাজের একটি লজে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গত আগস্ট মাসে মেয়েটি সন্তানসম্ভবা জেনে অভিযুক্ত যুবক তাকে জোর করে গর্ভপাতে বাধ্য করে। এরপর থেকেই সে মেয়েটিকে উপেক্ষা করা শুরু করে। পুনে এসে ওই যুবকের পরিবারের সঙ্গে দেখা করেও কোনও ফল হয়নি। মেয়েটির কোনও কথা শুনতে চায়নি অভিযুক্তের পরিবার। এরপরই গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী। ওই তরুণের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় সেলফি, চ্যাট, বন্ধুত্বের অত্যাধুনিক স্মার্ট জীবনের মাঝেই যে বিছানো রয়েছে অপরাধের জাল, বিপদের মেঘ ঘনিয়ে আসছে তরুণ প্রজন্মের জীবনে, এই ঘটনা আবারও মনে করিয়ে দিল সেই কথাই। বিশ্বের নানা প্রান্তে এই ধরনের অপরাধ বাড়ছে।

No comments:
Post a Comment