Sunday, October 2, 2016

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ফের গোলাগুলি

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। তবে শনিবার সকালের এই গুলি বিনিময়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। গত ১৮ সেপ্টেম্বর উরিতে ১৮ সৈন্য নিহতের পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এ নিয়ে বেশ কয়েকবার গুলি বিনিময় হল। নতুন করে গুলি বিনিময়ে প্রাণহানির খবর না পাওয়া গেলেও দু'দেশের সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামগুলো থেকে কয়েক হাজার পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।
উভয় দেশের সেনাবাহিনী এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে। ভারতের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে জম্মুর আখনুর এলাকার পাল্লানাওয়ালা এলাকায় গুলি ছোড়ে।' তিনি বলেন, 'তারা আমাদের চারটি চৌকি লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরা এর পাল্টা জবাব দিয়েছি। তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।' অন্যদিকে পাকিস্তানের এক সেনা কর্মকর্তা বলেন, 'ভারতীয় বাহিনীর উস্কানিমূলক হামলার যথাযথ জবাব দিয়েছি আমরা।' গত বৃহস্পতিবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের দাবি করে ভারত। তবে নিজেদের ভূখণ্ডে ভারতীয় হানার দাবি প্রত্যাখ্যান করলেও পাকিস্তান তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে। এ ঘটনার পর দু'দেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। এর দু'দিন পর শনিবার নতুন করে গোলাগুলির ঘটনা ঘটল। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটিই হয়েছে কাশ্মীর নিয়ে।

No comments:

Post a Comment