Sunday, October 16, 2016

সৌম্যর রানে ফেরার আভাস

শাহরিয়ার নাফীস ও সৌম্য সরকারের ব্যাট কাল হাসি ছড়াল
একসঙ্গে। দুজন যখন রানের জন্য ছুটছেন, বোলার স্টিভেন
ফিন তাকিয়ে থাকলেন বলের গতিপথে। কাল চট্টগ্রামের
এম এ আজিজ স্টেডিয়ামে। শামসুল হক
সৌম্য সরকার সুযোগ দিয়েছেন ঠিকই, তবে ইংলিশ বোলারদের নয়; সতীর্থ ব্যাটসম্যানদের! এম এ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তাঁর ব্যাটিং অনুশীলনটা হয়েছে ভালোই। আগের দিন সৌম্য জানিয়েছিলেন, এই ম্যাচে একটা ‘ফ্রেশ স্টার্ট’ করতে চান তিনি। করেছেনও। প্রায় দুই ঘণ্টা উইকেটে থেকেছেন। ৩৩ রান করে অবসর, স্কোরটা অবশ্য বলবে না কতটা স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন বাঁহাতি ওপেনার। প্রথম রান স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে। অহেতুক শট খেলেননি। আবার যেটি খেলেছেন, সেটি হয়েছে সৌম্যসুলভ। চোখকে প্রশান্তি দেওয়া ড্রাইভ। আর ডাউন দ্য উইকেটে গ্যারেথ ব্যাটি ও জাফর আনসারিকে দুবার বাউন্ডারির ওপারে আছড়ে ফেলা—ছন্দে ফেরার আভাসই দিয়েছেন। অনেক দিন রান নেই সৌম্যর ব্যাটে। সর্বশেষ ১১টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সর্বোচ্চ রান ২১। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন একাদশের বাইরে। হতে পারে প্রস্তুতি ম্যাচ, তবু ইংলিশদের বিপক্ষে রানটা তাঁকে বেশ আত্মবিশ্বাসী করছে, ‘আজ (কাল) পরিকল্পনাই ছিল লম্বা সময় ব্যাটিং করব। যতটুকু পারা যায় চেষ্টা করেছি।
আউটফিল্ডটা অনেক ধীরগতির, সহজেই রান নেওয়া যাচ্ছিল না। তবে রানটা অবশ্যই আত্মবিশ্বাসী করছে। চেষ্টা করব সামনেও একই ছন্দে খেলতে।’ ইংলিশ বোলাররা সুবিধা করতে পারেননি বিসিবির আরেক ওপেনার শাহরিয়ার নাফীসের বিপক্ষেও। তিনিও পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে ‘রিটায়ার’ করেছেন। তবে তার আগে শাহরিয়ার করেছেন ৫১ রান। উদ্বোধনী জুটিতে সৌম্য-শাহরিয়ার ৮৮ রান যোগ করার পর তৃতীয় উইকেটে সাব্বির রহমান-নাজমুল হোসেন তোলেন ৪৭ রান। শেষ বিকেলে ২ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে ব্যাটিই যা একটু সফল। আউটফিল্ড হতশ্রী থাকায় দুই দিনের ম্যাচটির প্রথম দিনটি হয় পরিত্যক্ত। কাল শেষ দিনে দীর্ঘ পরিসরের ক্রিকেটের সব নিয়ম ঠিক থাকলেও জানিয়ে দেওয়া হয় ৪৫ ওভারের বেশি ব্যাটিং করতে পারবে না কোনো দল। নিয়ম মেনেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটে করে ১৩৭ রান। অলরাউন্ডার সাব্বিরকেই দেখা গেছে কাল। ব্যাটিংয়ে ৩০ রান করার আগে বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। আলোকস্বল্পতায় বিসিবি একাদশ ১ ওভার কম ব্যাটিং করে ৪ উইকেটে তোলে ১৩৬ রান। আজ একই মাঠে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলবে বিসিবি একাদশ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩৭/৪ (ডাকেট ৫৯, ব্যালান্স ২৭*, মঈন ২৪; সাব্বির ৩/২৭)। বিসিবি একাদশ: ৪৪ ওভারে ১৩৬/৪ (শাহরিয়ার ৫১, সৌম্য ৩৩, সাব্বির ৩০ ; ব্যাটি ২/৩১)। ফল: ম্যাচ ড্র।

No comments:

Post a Comment