Tuesday, November 15, 2016

‘ম্যাচ না খেলার মতো কিছু ঘটেনি’

 বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার হেরেছে প্রথম তিন ম্যাচেই। টিম কম্বিনেশন, খেলোয়াড়দের পারফরম্যান্স- সবকিছু নিয়ে হতাশ কুমিল্লার অধিনায়ক মাশরাফি মুর্তজা ও মালিকপক্ষ। দল যাদের ওপর ভরসা করছে তারাই মাঠে কিছু করতে পারছেন না। এ অবস্থায় কাকে বাদ দিয়ে একাদশে কাকে রাখা হবে এ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। একাদশ সাজানো নিয়ে কুমিল্লা মালিকপক্ষ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে কিছু সমস্যা হচ্ছে। মালিকপক্ষ নিজেদের মতো করে একটি একাদশ সাজিয়ে খেলার কথা বলছে। কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই একাদশ নিয়ে খেলতে রাজি হচ্ছে না। তবে যে সমস্যাই হোক না কেন শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই একাদশ সাজাচ্ছে কুমিল্লা। সোমবার কুমিল্লা চতুর্থ ম্যাচ খেলেছে।
সোমবার সকালে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে টিম হোটেল ছেড়ে নিজের বাসায় চলে গেছেন মাশরাফি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নাও খেলতে পারেন তিনি। কিন্তু সব শংকা উড়িয়ে দিয়ে মাশরাফির নেতৃত্বেই ঢাকার বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা। মালিকপক্ষের সঙ্গে সমস্যার ব্যাপারে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সব দলেই কিছু সমস্যা থাকতে পারে। কিছু বিষয়ে মতবিরোধও হতে পারে। কিন্তু ম্যাচে না খেলার মতো কিছু ঘটেনি। মালিকপক্ষ কিছু চাপিয়ে দেবে, আমি সেটা মেনে নেব এমনও কিছু হয়নি।’ মাশরাফি প্রায়ই হোটেল থেকে বাসায় যান। কিন্তু সেটা যে দলের ওপর রাগ করে এমনটা নয়। এদিকে অধিনায়কের সঙ্গে মালিকপক্ষের দ্বন্দ্বের বিষয়টা এড়িয়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল। তিনি বলেন, ‘মাশরাফির সঙ্গে এমন কিছু হয়নি। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে সেটাই তো হবে।’

No comments:

Post a Comment