Wednesday, November 16, 2016

মুস্তাফিজের উন্নতিতে খুশি ওয়ালশ

দ্রুত নিজের উন্নতি দেখে মুস্তাফিজুর রহমান স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সেই সঙ্গে খুশি বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। ইনজুরি-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলছে এই বাঁ-হাতি পেসারের। কাঁধের অস্ত্রোপচার-পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এমআরআই করানো হয়েছে তার। এ সময় মুস্তাফিজের সঙ্গে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এমআরআই করানোর আগে কাল সকালে মিরপুর একাডেমি মাঠে মুস্তাফিজকে নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছেন ওয়ালশ। আগের চেয়ে লম্বা রানআপে নেটে বোলিং করেছেন এই পেসার।
ওয়ালশ বলেন, ‘মুস্তাফিজের দ্রুত উন্নতি দেখে আমি খুশি। মুস্তাফিজও স্বস্তিতে আছে। নিউজিল্যান্ড যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় যে ক্যাম্প হবে সেখানে মুস্তাফিজ থাকবে। ওখানেও ওর পুনর্বাসন প্রক্রিয়া চলবে। সে বোলিংয়ের সময় ৭০ ভাগ ক্ষমতা প্রয়োগ করতে পারছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আরও উন্নতি হবে। আশা করি নিউজিল্যান্ড সিরিজে তাকে খেলানো যাবে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মুস্তাফিজ। এমন ধারণা বিসিবির। এজন্যই প্রাথমিক দলে তার নাম রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে ২৬ ডিসেম্বর। এদিকে গতকালের এমআরআই রিপোর্টে প্রত্যাশিত উন্নতি না হলে ইংল্যান্ডের বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্র– ওয়ালেসের কাছে পাঠানো হতে পারে মুস্তাফিজকে।
গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে এই সার্জনই মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করেন। ওয়ালশ অবশ্য আশা প্রকাশ করেছেন হয়তো মুস্তাফিজকে ইংল্যান্ডে পাঠানোর প্রয়োজন হবে না। জাতীয় দলের অনুশীলন নেই বলে ছুটিতে রয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ালশ বাংলাদেশে রয়েছেন মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার জন্য। আগামীকাল ও শনিবার আরও দু’বার এই বাঁ-হাতি পেসারকে পর্যবেক্ষণ করবেন ওয়ালশ। এরপর এক সপ্তাহের ছুটিতে দেশে ফিরে যাবেন এই ক্যারিবীয় কিংবদন্তি। মুস্তাফিজ এবার বিপিএলে ইনজুরির কারণে খেলতে না পারলেও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ হলেই তাকে দেখা যাচ্ছে মাঠে। ঢাকা মুস্তাফিজকে কখনও চিয়ার্সলিডার আবার কখনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে।

No comments:

Post a Comment