Monday, November 21, 2016

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার মৃত্যু: সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফান চৌধুরীর (২৭) লাশ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের বাসায় সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহতের বন্ধুদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকা-। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শহরের ট্রেন ও বাস চলাচল বন্ধ করে দিয়েছে দিয়াজের পক্ষের ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে তারা চট্টগ্রাম-রাঙামাটি  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফলে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ির বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
দিয়াজ ইরফান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং দিয়াজের প্রতিবেশী মো. মামুন জানান, দোতলার বাসায় নিজের কক্ষে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা গেছে। সে আত্মহত্যা করার মতো ছেলে নয়। মামুন দাবি করেন, কিছুদিন আগে ছাত্রলীগের অন্তর্কোন্দলে দিয়াজসহ কয়েকজনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে তাদের পরিবারগুলোতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। এর জেরে অন্য কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোকাদ্দেস জানান, ঘরের দরজা ভেঙে সিলিংয়ে ঝুলানো অবস্থায় দিয়াজের মরদেহ পাওয়া যায়। এটি আত্মহত্যা, না অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment