![]() |
| লিয়ন হত্যার মূল হোতা সহপাঠী সোহানকে গ্রেফতার করে র্যাব |
ময়মনসিংহ
শহরের কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাশিদুজ্জামান
লিয়ন হত্যাকাণ্ডের মূল হোতা সহপাঠী সোহানুর রহমান সোহানকে (১৫) গ্রেফতার
করেছে র্যাব-১৪। মঙ্গলবার রাতে শহরতলী দিঘারকান্দা এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়। এর আগে হত্যার পর পালিয়ে যাবার পথে মঙ্গলবার বিকেলে
ত্রিশাল উপজেলার ঝিলকি নামকস্থান থেকে সাকিবুল হাসান সাকিব নামে আরেক
সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর লিয়ন হত্যাকাণ্ডে জড়িত ৪
আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হলো। এদিকে সকালে কেওয়াটখালী রেলওয়ে
উচ্চ বিদ্যালয় মাঠে রাশিদুজ্জামান লিয়নের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে
জানাযা শেষে স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা খুনিদের বিচরণস্থল কেওয়াটখালী
রেলওয়ে কলোনীর বেশ কয়েকটি বাসা ও স্কুলের সামনের সড়কে ৮/১০টি অটোরিকশা
ভাংচুর করে। এসময় তারা খুনি নাইম ও জয়কে অবিলম্বে গ্রেফতার ও তাদের
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। প্রেমঘটিত বিরোধের জেরে মঙ্গলবার সকালে
সহপাঠী ৪ বন্ধু স্কুলের সামনে বাকবিতন্ডা ও হাতাহাতির একপর্যায়ে পিঠে
ছুরিকাঘাত করে হত্যা করে কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর
ছাত্র রাশেদুজ্জামান লিয়নকে। ছুরিকাঘাতে লিয়নের ফুসফুস ছিদ্র হয়ে
ঘটনাস্থলেই মারা যায় সে। লিয়নের বাবা মালয়েশিয়া প্রবাসী এবং মা রাশেদা
আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হর্টিকালচার সেন্টারে কর্মরত।
ঘটনার পর মা রাশেদা আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় লিয়নের সহপাঠী একই
স্কুলের নবম শ্রেণীর ছাত্র শহরতলী দিঘারকান্দা এলাকার মৃত সুরুজ আলীর
পুত্র সোহানুর রহমান সোহান (১৫), কেওয়াটখালী এলাকার মো: কামাল হোসেনের
পুত্র মো: নাইম (১৫), কেওয়াটখালী পাওয়ার হাউজ কলোনীর মো: জব্বারের পুত্র
সাকিবুল হাসান সাকিব (১৫) ও কেওয়াটখালী রেলওয়ে কলোনীর হাতেম আলীর পুত্র
জয়কে (১৫) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

No comments:
Post a Comment